কর্ণফুলী শিশু পার্কের জায়গায় হবে নভো থিয়েটার: পূর্তমন্ত্রী
গণপূর্ত বিভাগের জমিতে অনুমোদন ছাড়া তৈরি করা কর্ণফুলী শিশু পার্ক উচ্ছেদ করে সেখানে নভো থিয়েটার গড়ে তোলা হবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন।
শনিবার সকালে আগ্রাবাদ জাম্বুরি মাঠে গণপূর্ত বিভাগের নির্মাণাধীন পার্কের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।
গণপূর্তমন্ত্রী বলেন, “দিস বিলংগস টু দি পিডব্লিউডি। সিটি করপোরেশন ডিড নট টেইক অ্যানি পারমিশন ফ্রম পিডব্লিউডি। তারা জোর করে এখানে শিশু পার্ক করেছে, তাদের ইচ্ছেমতো।”
চট্টগ্রাম সিটি করপোরেশন কর্তৃপক্ষ ২০০০ সালে আগ্রাবাদ জাম্বুরি মাঠের পাশের জায়গায় শিশু পার্কটি নির্মাণ করে।
দেশের প্রতিটি জেলায় বঙ্গবন্ধু নভো থিয়েটার নির্মাণের সরকারি পরিকল্পনার অংশ হিসেবে এখানেও নভো থিয়েটার হবে বলে তিনি জানান।
“চট্টগ্রামে নভো থিয়েটারের পাশাপাশি বঙ্গবন্ধু স্কয়ার করা হবে। তার পাশে শিশুদের বিনোদনের জন্য কিছু বিনামূল্যে রাইড রাখা হবে।”
জাম্বুরি মাঠে নান্দনিক এ পার্কে বিভিন্ন দেশীয় গাছপালা লাগানো ও লেক নির্মাণের কথা জানিয়ে ছয় মাসের মধ্যে তা শেষ হবে বলে আশা প্রকাশ করেন ইঞ্জিনিয়ার মোশাররফ।
গণপূর্ত বিভাগে সার্কেল-২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও জাম্বুরি পার্কের প্রকল্প পরিচালক মিহির চক্রবর্ত্তী, নির্বাহী প্রকৌশলী আহমেদ নুর এ সময় উপস্থিত ছিলেন।
