২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম কলেজিয়েটের ১৮০ বছর পূর্তি উৎসব শুরু শুক্রবার

চট্টগ্রামের ঐতিহ্যবাহী কলেজিয়েট স্কুলের ১৮০ বছর পূর্তিতে তিন দিনব্যাপী উৎসব শুরু হবে শুক্রবার।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2016, 08:11 PM

Updated : 20 Aug 2022, 02:31 PM

বুধবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে ‘চট্টগ্রাম কলেজিয়েটস্‌’ আয়োজিত এক সংবাদ সম্মেলনে উৎসব আয়োজনের সব বিষয়ে জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ১৮০ বছর পূর্তি ও পূনর্মিলন উদযাপন পরিষদের আহ্বায়ক আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী বলেন, শুক্রবার বিকেলে র‌্যালির মধ্য দিয়ে উৎসব শুরু হবে।

“শনিবার সকালে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন স্কুলের প্রাক্তন ছাত্র নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনুস। রোববার সন্ধ্যায় উৎসবের সমাপনী ঘোষণা করবেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।”

শনিবার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চট্টগ্রাম কলেজিয়েটস এর সভাপতি ও দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক।

শনিবার বিদ্যালয়ের ১৯৪০, ১৯৪৮, ১৯৫২ ও ১৯৫৩ সালে এসএসসি পাস করা চার শিক্ষার্থীকে সংবর্ধনাও দেয়া হবে বলে জানান আমীর হুমায়ুন।

শনিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে উৎসবস্থলে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনুস ‘সামাজিক ব্যবসা প্রেক্ষাপট: বিশ্ব ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনায় অংশ নেবেন।

রোববার উৎসবের তৃতীয় দিন সকালে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল প্রাঙ্গনে বিদ্যালয়ের ৮৬ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে নবনির্মিত স্মৃতিসৌধ উদ্বোধন করা হবে।

আমীর হুমায়ুন বলেন, স্মৃতিসৌধ উদ্বোধন করবেন শহীদ মুরিদুল আলমের স্ত্রী জেসমিন আলম। তাদের এক সন্তান বিদ্যালয়ের ৮৬ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

তিন দিনের উৎসব আয়োজনে থাকছে- আলোচনা সভা, বৃত্তি প্রদান, একাত্তরের স্মৃতিচারণ, আড্ডা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

আমীর হুমায়ুন বলেন, এবারের উৎসবে সাড়ে তিন হাজার সাবেক ছাত্র অংশ নিচ্ছেন। যাদের মধ্যে পাঁচশ জন বিদেশ থেকে আসবেন।

১৮৩৬ সালে প্রতিষ্ঠিত চট্টগ্রাম কলেজিয়েট স্কুল দীর্ঘ পথ চলায় উপমহাদেশ বিখ্যাত অনেক রাজনীতিবিদ, শিক্ষাবিদ, পেশাজীবী, চিকিৎসক, বিজ্ঞানী ও শিল্পীকে পেয়েছে শিক্ষার্থী হিসেবে।

স্বাধীন বাংলাদেশের গত ৪৫ বছরের ইতিহাসে এ স্কুলের শিক্ষার্থীরা প্রতিবারই মাধ্যমিক পরীক্ষায় অসামান্য কৃতিত্বের স্বাক্ষর রেখে আসছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কলেজিয়েটস্‌ এর সহ-সভাপতি অধ্যাপক সেলিম জাহাঙ্গীর ও নুরুল আমিন খাঁন, সদস্য সচিব মোস্তাক হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক আ ন ম ওয়াহিদ দুলাল ও প্রকৌশলী কামরুল ইসলাম, দপ্তর সম্পাদক আবুল হাসনাত মো. বেলাল এবং প্রচার উপ-কমিটির ওমর কায়সারসহ অন্যরা।

২০১১ সালে বিদ্যালয়ের ১৭৫ বছর পূর্তিতে তিন দিনের উৎসবের আয়োজন করা হয়েছিল। সেবার প্রায় আড়াই হাজার সাবেক শিক্ষার্থী উৎসবে অংশ নেন।

ওই উৎসবে স্কুলের ছাত্র নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূসকে সংবর্ধনা দেওয়া হয়েছিল।

পুরনো খবর:

১৭৫ বছরে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল