২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৭৫ বছরে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল

প্রায় আড়াই হাজার সাবেক শিক্ষার্থীর অংশগ্রহণে তিন দিনের এ উৎসব মিলন মেলায় পরিণত হবে বলে আশা করছেন আয়োজকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2011, 07:29 AM

Updated : 24 Aug 2022, 05:27 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের ঐতিহ্যবাহী কলেজিয়েট স্কুলের ১৭৫ বছর পূর্তি উপলক্ষে তিন দিনব্যাপী উৎসব শুরু হয়েছে শুক্রবার। এই শিক্ষায়তন থেকে সারা দেশে ছড়িয়ে পড়া প্রায় আড়াই হাজার সাবেক শিক্ষার্থীর অংশগ্রহণে এ উৎসব এক মিলন মেলায় পরিণত হবে বলে আশা করছেন আয়োজকরা। উৎসব কমিটির আহ্বায়ক আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার বিকাল ৩টায় বর্তমান এবং সাবেক শিক্ষার্থীদের আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় এ উৎসব। তবে শনিবার সকালে এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন এ স্কুলেরই সাবেক ছাত্র নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। এছাড়া অধ্যাপক জাফর ইকবাল, মিডিয়া ব্যক্তিত্ব মো. জাহাঙ্গীর, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল মাহমুদ, রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, আখতারুজ্জামান চৌধুরী বাবু, এম মোরশেদ খান, আমীর খসরু মাহমুদ চৌধুরীও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে আশা করছেন আয়োজকরা। আমীর হুমায়ুন জানান, এ উৎসবে অংশ নিতে প্রায় আড়াই হাজার সাবেক শিক্ষার্থী নিবন্ধন করেছেন। ১৮৩৬ সালে প্রতিষ্ঠিত চট্টগ্রাম কলেজিয়েট স্কুল দীর্ঘ পথ চলায় উপমহাদেশ বিখ্যাত অনেক রাজনীতিবিদ, শিক্ষাবিদ, পেশাজীবী, চিকিৎসক, বিজ্ঞানী ও শিল্পীকে পেয়েছে শিক্ষার্থী হিসেবে। কবি নবীনচন্দ্র সেন, নিখিল ভারত কংগ্রেসের সভাপতি ও কলকাতা সিটি কর্পোরেশনের মেয়র দেশপ্রিয় যতীন্দ্র মোহন সেন ও বিজ্ঞানী আবদুল্লাহ আলমমুতী শরফুদ্দীনের মতো বরেণ্য ব্যক্তিরা চট্টগ্রামের ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছিলেন। বিজ্ঞানী ড. জামাল নজরুল ইসলাম, সাহিত্যিক হুমায়ুন আহমেদ, বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক মুস্তাফা নূরউল ইসলাম, অধ্যাপক জাফর ইকবাল, অভিনেতা আতাউর রহমান ও আবুল হায়াতও লেখাপড়া করেছেন এ শিক্ষায়তনে। স্বাধীন বাংলাদেশের গত ৪০ বছরের ইতিহাসে এ স্কুলের শিক্ষার্থীরা প্রতিবারই মাধ্যমিক পরীক্ষায় অসামান্য কৃতিত্বের স্বাক্ষর রেখে আসছে। আমীর হুমায়ুন জানান, উৎসবের কর্মসূচির মধ্যে রয়েছে শুক্রবার স্কুলের বর্তমান ছাত্রদের মধ্য থেকে ১২ জনকে মেধা বৃত্তি প্রদান এবং রচনা, চিত্রাঙ্কন ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ। শনিবার সকালে কলেজিয়েট স্কুলের পক্ষ থেকে ড. ইউনূসকে সংবর্ধনা দেওয়া হবে। বিকালে সাবেক শিক্ষার্থীদের স্মৃতিচারণ এবং রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে দ্বিতীয় দিনের অনুষ্ঠান। রোববার সকালে রক্তদান কর্মসূচি, দুপুরে আলোচনা সভা ও স্মৃতিচারণ এবং বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ উৎসবের সমাপ্তি টানা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/এমসি/জেকে/১৭১২ ঘ.