বিএমএ নির্বাচন: প্রশাসন-পুলিশকে নিরপেক্ষ থাকার আহ্বান মহিউদ্দিনের
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রাম শাখার নির্বাচনে ‘ভোটের পরিবেশ’ নিশ্চিত করতে প্রশাসন ও পুলিশকে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগ সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী।
মঙ্গলবার দুপুরে নগরীর চশমা হিলের বাসভবনে বিএমএ নির্বাচনে তার সমর্থিত প্যানেলের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় এ আহ্বান জানান তিনি।
এবারের বিএমএ নির্বাচনে নাসির উদ্দিন মাহমুদ ও আ ম ম মিনহাজুর রহমানের নেতৃত্বাধীন প্যানেলকে সমর্থন দিয়েছেন মহিউদ্দিন।
অন্যদিকে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের সমর্থন পেয়েছেন মুজিবুল হক খান ও ফয়সাল ইকবাল চৌধুরীর নেতৃত্বাধীন প্যানেল।
দুই প্যানেলই ইতোমধ্যে পরস্পরের বিরুদ্ধে নির্বাচনী প্রচারণায় বাধা দানের অভিযোগ এনেছে।
এছাড়া নির্বাচনের ভোট কেন্দ্র নিয়ে দুই প্যানেলের তিনটি করে ছয়টি কেন্দ্রের নাম প্রস্তাবের পর এ নিয়ে সঙ্কটের সৃষ্টি হয়। সবশেষে নগরীর খাস্তগীর বালিকা উচ্চ বিদ্যালয়কে কেন্দ্র হিসেবে মনোনীত করা হয়।
২২ ডিসেম্বর এই কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে।
এরমধ্যে ১৯ ডিসেম্বর চট্টগ্রাম সিটি করপোরেশনের চিকিৎসকদের সঙ্গে এক সভায় মুজিবুল হক-ফয়সাল ইকবাল প্যানেলের পক্ষে ভোট চান সিটি মেয়র নাছির।
২০১২ সালের নভেম্বরে অনুষ্ঠিত গত বিএমএ নির্বাচনে সাধারণ সম্পাদক পদের প্রার্থী মিনহাজুর রহমান ভোট গণনার সময় ব্যালট ছিনিয়ে নিয়ে জোরপূর্বক তাকে পরাজিত করা হয় বলে অভিযোগ করেছিলেন।
মঙ্গলবারের সভায় মহিউদ্দিন বলেন, চট্টগ্রাম জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে নিরপেক্ষ অবস্থানে থেকে একটি সুষ্ঠু, অবাধ ও চিকিৎসকদের জন্য নিরাপদ ভোট প্রদানের পরিবেশ নিশ্চিত করতে হবে।
সব চিকিৎসককে ‘নির্ভয়ে-নির্বিঘ্নে’ ভোট কেন্দ্রে গিয়ে ‘চাপ ও শঙ্কামুক্ত’ পরিবেশে ভোট উৎসবে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে মহিউদ্দিন বলেন, নির্বাচন যেন চট্টগ্রামের চিকিৎসকদের উৎসব ও মিলন মেলায় পরিণত হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজে বিদ্যমান দুর্নীতি, অনিয়ম, স্বজনপ্রীতি এবং রোগীদের খাদ্য ও ওষুধ লুটপাটের ফলে চিকিৎসা সেবার মান মারাত্মক অবনতিশীল অভিযোগ করে মহিউদ্দিন বলেন, “রোগী, চিকিৎসক ও কর্মচারীদের একটি চক্র জিম্মি করে রেখেছে।”
এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে ডা. নাসির উদ্দিন-মিনহাজুর রহমান পরিষদকে ভোট দিতে আহ্বান জানান মহিউদ্দিন।
এ পরিষদের দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকারের সম্মতি আদায়ে পরিষদ নেতাদের সঙ্গে থাকবেন বলেও জানান মহিউদ্দিন চৌধুরী।
ডা. নাসির উদ্দিন মাহমুদের সভাপতিত্বে এবং মিনহাজুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বিএমএর সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. নুরুল ইসলাম, স্বাধীনতা চিকিৎসক পরিষদ চট্টগ্রাম জেলার প্রতিষ্ঠাতা সভাপতি আ ন ম ফারুক অর রশিদ, সাবেক সিভিল সার্জন আবু তৈয়ব, ডা. সরফরাজ খান চৌধুরীসহ চিকিৎসক নেতারা।
