২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রলীগনেতা নাছিম হত্যায় গ্রেপ্তার বাদশা রিমান্ডে

চট্টগ্রামে বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতে ছাত্রলীগ নেতা নাছিম আহমেদ সোহেল হত্যায় গ্রেপ্তার বাদশা সোলায়মানকে দুই দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2016, 08:07 PM

Updated : 20 Aug 2022, 02:31 PM

মঙ্গলবার চট্টগ্রামের মহানগর হাকিম হারুন উর রশিদ এ আদেশ দেন।

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী জানান, বাদশার ১০ দিনের রিমান্ড চেয়েছিল পুলিশ।

“শুনানি শেষে আদালত দুই দিনের রিমাণ্ড মঞ্জুর করেছেন।”

সোমবার সন্ধ্যায় নগরীর খুলশী থানার আলফালাহ গলি থেকে বাদশা সোলায়মানকে (২৬) গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানায়, সোহলকে ‍ছুরিকাঘাতকারী মো. ইব্রাহিম ওরফে সোহানের ঘনিষ্ঠ বন্ধু গ্রেপ্তার বাদশা। প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না হয়েও ঘটনার দিন সোহানের সঙ্গে সেখানে গিয়েছিল বাদশা।

মামলার তদন্ত কর্মকর্তা চকবাজার থানার এসআই হুমায়ন কবির জানান, মামলায় বাদশার নাম না থাকলেও ঘটনায় তার সম্পৃক্ততার প্রমাণ মিলেছে।

গত ২৯ মার্চ চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ওয়াসা মোড় ক্যাম্পাসে দুই পক্ষের সংঘর্ষের মধ্যে ছুরিকাঘাতে প্রাণ হারান ছাত্রলীগের চট্টগ্রাম নগর কমিটির উপ-সম্পাদক সোহেল।

বিশ্ববিদ্যালয়ের এমবিএ প্রথম সেমিস্টারের ছাত্র নিহত সোহেল সিটি মেয়র আ জ ম নাছিরের অনুসারী ছিলেন বলে ছাত্রলীগ নেতারা জানান।

বিশ্ববিদ্যালয়ের বিবিএ অনুষদের ২৩তম ব্যাচের বিদায় অনুষ্ঠানের নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষ ওই সংঘর্ষে জড়ায়।

হত্যাকাণ্ডের পরপর ক্যাম্পাস থেকে পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন সোহেলের বাবা আবু তাহের বাদী হয়ে গ্রেপ্তার পাঁচজনসহ বিশ্ববিদ্যালয়ের ১৬ শিক্ষার্থীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

গত এ হত‌্যাকাণ্ডে জড়িত অভিযোগে এর আগে ২৪ জুন মো. আসিফ ওরফে লেদু (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ।

তবে হত্যাকাণ্ডের নয় মাস হলেও ছুরিকাঘাতকারী সোহানকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

পুরনো খবর:

চট্টগ্রামে ছাত্রলীগ নেতা নাছিম হত‌্যায় গ্রেপ্তার ১