২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কৃষ্ণ কুমারী বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক প্রীতি সেনের মৃত‌্যু

চট্টগ্রামের কৃষ্ণ কুমারী সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা ও বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম আঞ্চলিক শাখার সাবেক সহ-সভাপতি প্রীতি সেন মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম ব‌্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2016, 10:33 PM

Updated : 20 Aug 2022, 02:30 PM

সোমবার সকাল সোয়া ৬টার দিকে নগরীর দেওয়ান বাজারের বাসায় তার মৃত‌্যু হয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট এলাকার ঈশ্বরখাইন সেন পাড়া গ্রামের প্রীতি সেনের বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন।

প্রীতি সেনের ঘনিষ্ঠজন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক অশোক সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অবসরে যাওয়ার পর থেকে পরিবারের সদস্যদের সঙ্গে দেওয়ান বাজারের বাসাতেই থাকতেন প্রীতি। বিকালে নগরীর অভয়মিত্র ঘাটে তার দাহ হয়।”

বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম আঞ্চলিক শাখার নেতৃবৃন্দ এবং সিপিবি চট্টগ্রাম জেলার সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক অশোক সাহাও এই শিক্ষকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

অকৃতদার প্রীতি সেন জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন শিক্ষকতায়। কৃষ্ণ কুমারী সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রায় ৫০ বছর কাজ করেছেন তিনি। বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সঙ্গেও তিনি যুক্ত ছিলেন।