২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ওয়ার্ল্ড সুফি পার্লামেন্ট’র আত্মপ্রকাশ

বৈশ্বিক শান্তি ও জন নিরাপত্তার জন্য হুমকি জঙ্গিবাদ মোকাবেলা এবং বিশ্বের বিভিন্ন দেশে সুফি দর্শন বিকশিত করতে ‘ওয়ার্ল্ড সুফি পার্লামেন্ট’ গঠন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম ব‌্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2016, 01:25 AM

Updated : 20 Aug 2022, 02:30 PM

শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ সংগঠনের ঘোষণা দেন মাইজভান্ডার দরবার শরীফের ইমাম শাহ সুফি সৈয়দ সাইফূদ্দিন আহমদ মাইজভান্ডারী।

যুক্তরাষ্ট্র, ভারতসহ আটটি দেশের সুফি গবেষকদের উপস্থিতিতে এ সংগঠন আত্মপ্রকাশের ঘোষণা দেওয়া হয়। আন্তর্জাতিক সুফি ঐক্য সংহতি (সুফিজ) এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

ওয়ার্ল্ড সুফি পার্লামেন্ট এর প্রধান সমন্বয়ক করা হয়েছে সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভান্ডারীকে। আর সদস্য সচিব করা হয়েছে যুক্তরাষ্ট্রের সুফি গবেষক ড. আহমদ তিজানি বিন ওমরকে। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সৈয়দ সাইফুদ্দিন বলেন, “ইসলামের শান্তি, মানবিক সম্প্রীতি ও ভ্রাতৃত্বপূর্ণ দর্শনের বিপরীতে বর্তমানে ধর্মের নামে সন্ত্রাস-জঙ্গিবাদ বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া হচ্ছে। এর ফলে ইসলামের মাহাত্ম্য প্রশ্নবিদ্ধ হচ্ছে।”

মুসলমানদের সন্ত্রাসবাদী হিসেবে তুলে ধরাই জঙ্গিবাদি ত্রাস সৃষ্টির মূল লক্ষ্য উল্লেখ করে তিনি বলেন, “ইসলামের নামে বেড়ে ওঠা সন্ত্রাস-জঙ্গিবাদ শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক সমস্যা। এজন্য বিশ্বব্যাপী শান্তি ও সম্প্রীতির দর্শন সুফিবাদকে ভালোভাবে তুলে ধরা দরকার।”

বিভিন্ন দেশে সুফিবাদী চিন্তার বিভিন্ন সংগঠন থাকলেও ‘ওয়ালর্ল্ড সুফি পার্লামেন্ট’ সমন্বিত ফোরাম হিসেবে কাজ করবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। সংগঠনটি বিভিন্ন সভা, সেমিনার, আন্তঃধর্মীয় সংলাপ, কর্মশালাসহ জনসচেতনতামূলক বিভিন্ন কাজ করবে।

সংবাদ সম্মেলন থেকে ইরাক, সিরিয়া, ফিলিস্তিন, কাশ্মীর, আফগানিস্তান, মিয়ানমারসহ বিভিন্ন দেশে ভ্রাতৃঘাতী সংঘাত ও জাতিগত দাঙ্গা এবং নিপীড়নের প্রতিবাদ জানানো হয়।

সংবাদ সম্মেলনে ইউক্রেনের সুফি গবেষক মুফতি আহমদ তামিম, মরক্কোর আজিজ ইদ্রিসী, ইন্দোনেশিয়ার ড. শেখ মো. ইউনুছ, ভারতের আব্বাস নিয়াজী, সিঙ্গাপুরের লেয়াকত আলী বিন মো. ওমর, যুক্তরাষ্ট্রের ড. শেখ আহমদ তিজানী বিন ওমর, মালয়েশিয়ার শেখ ইসমাইল বিন কাশিম, তিউনিসিয়ার মাজেন শরিফ ও ড. খালেদ চৌকেট উপস্থিত ছিলেন।