চট্টগ্রামে হানাদার মুক্ত দিবস উদযাপন
জাতীয় পতাকা উত্তোলন, র্যালি ও আলোচনায় চট্টগ্রাম হানাদার মুক্ত দিবস পালন করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।
শনিবার সকাল ৯টায় চট্টগ্রাম সার্কিট হাউজ প্রাঙ্গনে জাতীয় পতাকা ও মুক্তিযু্দ্ধের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
চট্টগ্রামের জেলা প্রশাসক সামসুল আরেফিন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সাহাব উদ্দিন এবং মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর আহমদ বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে নিয়ে পতাকা উত্তোলন করেন।
১৯৭১ সালের ১৭ ডিসেম্বর এই সার্কিট হাউজেই মুক্তিযোদ্ধা এবং মিত্রবাহিনীর সদস্যদের উপস্থিতিতে চট্টগ্রামকে হানাদার মুক্ত ঘোষণা করে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল।
জাতীয় পতাকা উত্তোলনের পর সার্কিট হাউজ প্রাঙ্গন থেকে শুরু হয় হানাদার মুক্ত দিবসের র্যালি। শোভাযাত্রাটি কাজীর দেউড়ি, আলমাস মোড় ও ওয়াসার মোড় হয়ে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।
সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
“এজন্য প্রতি বছরের মত এবারও মহান মুক্তিযুদ্ধের বীর শহীদ ও মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে চট্টগ্রাম হানাদার মুক্ত দিবস পালন করা হচ্ছে।”
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পন করে। এরপর চট্টগ্রাম হানাদারমুক্ত হয় ১৭ ডিসেম্বর।
১৯৭১ সালের ১৭ ডিসেম্বর মুক্তিবাহিনীর ১ নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার মেজর রফিকুল ইসলাম ও মিত্রবাহিনীর ব্রিগেডিয়ার আনন্দ স্বরূপ চট্টগ্রাম সার্কিট হাউজে প্রবেশ করেন।
সেখানেই তাদের উপস্থিতিতে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়েছিল।
