বিজয় দিবসে জাতীয় পতাকা বিতরণ চট্টগ্রাম উদীচীর
চট্টগ্রামে বিভিন্ন প্রতিষ্ঠান ও আবাসিক ভবনে জাতীয় পতাকা বিতরণ করেছে উদীচী শিল্পী গোষ্ঠী।
শুক্রবার বিজয় দিবস উপলক্ষে নগরীর চেরাগী পাহাড়, মোমিন রোড, জামালখান ও আন্দরকিল্লা এলাকার বিভিন্ন ভবন ও ব্যবসা প্রতিষ্ঠানে পতাকা বিতরণ কর্মসূচি পালন করে তারা।
সকালে বিভিন্ন ভবন ও প্রতিষ্ঠানে উদীচী কর্মীরা নিজেরা পতাকা লাগিয়ে দেন। এসময় সাধারণ মানুষের মধ্যেও পতাকা লাগানোর উৎসাহ দেখা যায় এবং অনেকে তাদের কাছ থেকে নিয়ে নিজ নিজ স্থানে জাতীয় পতাকা উত্তোলন করেন।
এর আগে সকালে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে কর্মসুচি শুরু করে উদীচী চট্টগ্রাম জেলা সংসদ।
এছাড়া উদীচীর আয়োজনে নগরীর চেরাগি পাহাড় চত্বরে দিনব্যাপী প্রদর্শিত হয়েছে মুক্তিযুদ্ধের বিভিন্ন দুর্লভ আলোকচিত্র। সকাল ৮টা থেকে শুরু হওয়া এই আলোকচিত্র প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত ছিল।
এদিকে বিকালে চেরাগি পাহাড় চত্বরে চট্টগ্রাম গণজাগরণ মঞ্চ আয়োজন করে সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন।
এতে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি সাধারণ মানুষও অংশ নেয়।
