২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে গ্রেপ্তার হুজির ৫ সদস্য রিমান্ডের পর কারাগারে

চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানার উত্তর কাট্টলী এলাকা থেকে গ্রেপ্তার হরকাতুল জিহাদ বাংলাদেশের পাঁচ সদস্যকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2016, 07:38 PM

Updated : 20 Aug 2022, 02:29 PM

পাঁচ আসামিকে জিজ্ঞাসাবাদ শেষে চট্টগ্রাম মহানগর হাকিম ইমরান খানের আদালতে বৃহস্পতিবার হাজির করা হয়।

চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী সাহাবুদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আদালতে হাজিরের পর নতুন করে তাদের আর রিমাণ্ডে চাওয়া হয়নি।

“আসামিদের পক্ষে কেউ জামিন আবেদনও করেনি। এরপর আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।”

এর আগে গত সোমবার পাঁচ হুজি সদস্যর তিন দিনের রিমাণ্ড মঞ্জুর করেন আদালত।

গত ৮ ডিসেম্বর নগরীর উত্তর কাট্টলীর কর্নেল হাট এলাকায় একটি ভবনে অভিযান চালিয়ে বোমা তৈরির সরঞ্জামসহ হরকাতুল জিহাদ বাংলাদেশের তিন সদস্যকে আটক করে র‌্যাব।

এর আগের দিন ৭ ডিসেম্বর রাতে এ কে খান এলাকা থেকে অস্ত্রসহ গ্রেপ্তার দুই হুজি সদস্যের কাছ থেকে তথ্য পেয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে দাবি র‌্যাবের।

ওই ঘটনায় র‌্যাবের ডিএডি গোলাম রব্বানী বাদী হয়ে বিস্ফোরক, অস্ত্র ও সন্ত্রাস দমন আইনে আটক পাঁচ জনকে আসামি করে তিনটি মামলা করেন নগরীর আকবর শাহ থানায়।

আটকদের মধ্যে তিন জনের পরিবারের দাবি, ছয় থেকে নয় মাস আগে তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে ধরে নিয়ে যাওয়া হয়।

গত সোমবার রিমান্ড শুনানির দিন আদালতে হুজি সদস্যরাও দাবি করেন, তাদের ছয় থেকে নয় মাস আগে বিভিন্ন সময়ে দেশের ভিন্ন ভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় এবং ৮ নভেম্বর তাদের কাট্টলীর ওই বাড়িতে হাজির করা হয়।

পুরনো খবর:

চট্টগ্রামে বিস্ফোরকসহ গ্রেপ্তার ৫ হুজি সদস্য রিমান্ডে