চট্টগ্রামে বিস্ফোরকসহ গ্রেপ্তার ৫ হুজি সদস্য রিমান্ডে
চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানার উত্তর কাট্টলী থেকে র্যাবের অভিযানে বোমা তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার হরকাতুল জিহাদ বাংলাদেশের (হুজি) পাঁচ সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের হেফাজতে পেয়েছে পুলিশ।
চট্টগ্রামের মহানগর হাকিম নাজমুল হোসেন চৌধুরী সোমবার এ আদেশ দেন বলে বলে নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী সাহাবুদ্দিন আহমেদ জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “পাঁচ হুজি সদস্যকে তিনটি মামলার প্রতিটিতে সাত দিন করে রিমান্ডে চাওয়া হয়েছিল।
“আদালত শুনানি শেষে প্রত্যেক আসামিকে প্রতি মামলায় তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন, যা একসাথে কার্যকর হবে।”
গত বৃহস্পতিবার নগরীর উত্তর কাট্টলীর কর্ণেল হাট এলাকায় একটি ভবনে অভিযান চালিয়ে বোমা তৈরির সরঞ্জামসহ হুজির তিন সদস্যকে আটক করে র্যাব। আগের রাতে এ কে খান এলাকা থেকে অস্ত্রসহ দুই হুজি সদস্যকে গ্রেপ্তার করা হয় বলে র্যাবের দাবি।
ওই ঘটনায় র্যাবের উপসহকারী পরিচালক (ডিএডি) গোলাম রব্বানী বাদী হয়ে বিস্ফোরক, অস্ত্র ও সন্ত্রাস দমন আইনে আটক পাঁচ জনকে আসামি করে তিনটি মামলা করেন নগরীর আকবর শাহ থানায়।
আটকদের মধ্যে তিন জনের পরিবারের দাবি, ছয় থেকে নয় মাস আগে তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে ধরে নিয়ে যাওয়া হয়।
