২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দুর্ঘটনায় ট্রাকচালক নিহত

চট্টগ্রামের ছোট কুমিরা এলাকায় সড়ক দুর্ঘটনায় এক ট্রাকচালকের মৃত্যুর খবর পাওয়া গেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2016, 02:31 PM

Updated : 12 Apr 2022, 03:31 AM

নিহত রবিউল ইসলাম (৩৫) রাজবাড়ি জেলার পাংশা থানার বালিয়া পাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মনিরুজ্জামান জানান, বৃহস্পতিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

“ছোট কুমিরা বাইপাসে ঢাকামুখী একটি লং ভেহিকেল (ট্রেলার) দাঁড়ানো ছিল। একটি ডাম্প ট্রাক সেটাকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই এর চালক মারা যান।”

‘ঘন কুয়াশা’র কারণে দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা পুলিশ কর্মকর্তা মনিরের।

প্রায় একইসময়ে মহাসড়কের বড় দারোগাহাট এলাকায় আরেকটি দুর্ঘটনা ঘটে বলে জানান তিনি।

“চট্টগ্রামমুখী শ্যামলী পরিবহনের একটি বাস সড়কের আইল্যান্ডে ধাক্কা দিলে কয়েকজন যাত্রী সামান্য আঘাত পান। পরে বাসটি চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়।”

আহতদের মধ্যে যাত্রী কল্যাণ সমিতির সভাপতি মোজাম্মেল হক চৌধুরীও ছিলেন বলে এসআই জানিয়েছেন।