২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পানির দাম ৪০% বাড়াতে চায় চট্টগ্রাম ওয়াসা

অভ্যন্তরীণ ক্ষতি কমানোর অজুহাত দেখিয়ে পানির দাম একসঙ্গে ৪০ শতাংশ বাড়ানোর প্রস্তাব করেছে চট্টগ্রাম ওয়াসা। 

চট্টগ্রাম ব্যুরো

উত্তম সেনগুপ্ত

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2016, 10:07 PM

Updated : 12 Apr 2022, 03:30 AM

ভোক্তা অধিকারকর্মীরা বলছেন, ওয়াসার পানির দাম বাড়ানোর ক্ষেত্রে গণশুনানির নিয়ম থাকলেও তা না করেই এই প্রস্তাব করা হয়েছে।

বর্তমান দরের চেয়ে আবাসিকে প্রতি ইউনিটে (এক হাজার লিটার) দুই টাকা ৩৯ পয়সা এবং শিল্প ও বাণিজ্যিক ক্ষেত্রে ১০ টাকা ৪৪ পয়সা দাম বাড়ানোর অনুমতি চেয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষ।

চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক একেএম ফজলুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দাম বাড়ানোর অনুমতি চেয়ে আমরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি। সেখান থেকে যত টাকা বাড়ানোর সিদ্ধান্ত দেবে তত বাড়ানো হবে।”

চট্টগ্রাম ওয়াসার অধীনে মোট সংযোগ লাইন আছে ৬৩ হজার ৫৪৫ টি। এর ৮৮ শতাংশ সংযোগ আবাসিকে, বাকী ১২ শতাংশ শিল্প ও বাণিজ্যিকে।

চলতি গত ১ জানুয়ারি থেকে পাঁচ শতাংশ পানির দাম বাড়িয়ে আবাসিক প্রতি ইউনিট ৭ দশমিক ৬১ টাকা এবং শিল্প ও বাণিজ্যিক সংযোগে ২১ টাকা ৫৬ পয়সা নির্ধারণ করার পর তা-ই কার্যকর রয়েছে।

পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ আইন-১৯৬৬ এর ২২(২) ধারামতে প্রতি বছর একবার করে পাঁচ শতাংশ হারে ওয়াসার পানির দাম বাড়ানোর ক্ষমতা রয়েছে। সে অনুযায়ী বছরের শুরুতে একবার বাড়ানোর পর এক লাফে আবাসিকে আরও ৩১ দশমিক ৪১ শতাংশ ও বাণিজ্যিকে ৪৮ দশমিক ৪২ শতাংশ হারে দামবৃদ্ধির প্রস্তাব করেছে চট্টগ্রাম ওয়াসা।

গত ৭ ডিসেম্বর স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষের চিঠিতে বলা হয়, শ্রমিক কর্মকর্তাদের বেতন-ভাতা, বিদ্যুৎ বিলসহ আনুষঙ্গিক খরচ বৃদ্ধি পাওয়ায় বর্তমানে ওয়াসার এক ইউনিট পানি উৎপাদনে খরচ হয় ১৫ দশমিক ০৬ টাকা। আর গড় বিক্রি হয় ৯ দশমিক ২৭ টাকায়।

“ওয়াসার ‘চট্টগ্রাম ওয়াটার সাপ্লাই ইমপ্রুভমেন্ট ও সেনিটেশন প্রকল্পের’ জন্য নেওয়া ঋণের কারণে কিস্তি পরিশোধ করতে হবে বিধায় আয় ব্যয়ের মধ্যকার অবস্থা ‘নাজুক’ হয়েছে।”

দাম বাড়ানোর যুক্তি হিসেবে চিঠিতে আরও বলা হয়, ২০১৫-২০১৬ অর্থবছরে চট্টগ্রাম ওয়াসার মোট ব্যয় হয় ৭৭ দশমিক ৫৪ কোটি টাকা, যার মধ্যে বেতন-ভাতা বাবদ ব্যয় ৩১ দশমিক ৫৬ কোটি টাকা ও পানি উৎপাদনে বিদ্যুতের জন্য ব্যয় হয় ২৯ দশমিক ৯২ কোটি টাকা।

এর মধ্যে পানি বিক্রি থেকে আয় হয়েছে ৫৩ দশমিক ২৯ কোটি টাকা। আয় ও ব্যয়ের মধ্যে পার্থক্য দেখানো হয়েছে ২৪ দশমিক ২৫ কোটি টাকা।  

ঢাকা ওয়াসার পানির দাম বাড়ানোর সিদ্ধান্তে এরই মধ্যে মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে জানিয়ে চট্টগ্রাম ওয়াসার এমডি ফজলুল্লাহ বলেন, বছরে পাঁচ শতাংশের বেশি হারে দাম বাড়াতে চাইলে মন্ত্রণালয়ের অনুমোদন প্রয়োজন হয়।

“ঢাকা ওয়াসায় নিজস্ব ক্ষমতায় পাঁচ শতাংশ বাড়ানোর পাশাপাশি মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে আরও বাড়িয়েছে।”

পানি উৎপাদনে ঢাকা ওয়াসার চেয়ে চট্টগ্রামের খরচ বেশি দাবি করে ফজলুল্লাহ বলেন, “আমরা নিজস্বভাবে পাঁচ শতাংশ অভিকর না বাড়িয়ে মোট দাম বাড়ানোর জন্য মন্ত্রণালয়ের অনুমতি চেয়েছি।”

মন্ত্রণালয়ের অনুমোদনসাপেক্ষে পানির দাম বাড়ানো হবে বলে জানান তিনি।

পানির দাম বাড়ানোর বিষয়ে কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সভাপতি এস এম নাজের হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওয়াসার পানির দাম বাড়াতে গণশুনানির নিয়ম আছে। কিন্তু তারা তা না করেই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।  

পানি উৎপাদনে ব্যয়ের বিষয়ে ওয়াসার দাবির সঙ্গে দ্বিমত পোষণ করে তিনি বলেন, তারা সব সময় সিস্টেম লসের কথা বলে থাকে। এটা বন্ধ করতে পারলে পানির দাম বাড়ানোর প্রয়োজন হয় না।

“সিস্টেম লস ‘শুভংকরেরফাঁকি’- ওয়াসার দুর্নীতিবাজ কিছু কর্মচারী অবৈধভাবে পানি সরবরাহ করে। সে বিষয়টিও তারা সিস্টেম লস হিসেবে প্রচার করে। মানুষের পানির চাহিদা পূরণ করতে না পারলেও ওয়াসা পানির দাম বাড়াচ্ছে। এতে জনগণের মধ্যে নাভিশ্বাস সৃষ্টি হবে।”