চট্টগ্রামে ৩৫০০ ফেনসিডিলসহ দুই গাড়ি জব্দ
চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকা থেকে সাড়ে তিন হাজার বোতল ফেনসিডিল ও প্রাইভেট কার ও একটি কভার্ড ভ্যান আটক করেছে র্যাব-৭।
বুধবার ভোর রাতে সীতাকুণ্ড বড় দারোগার হাট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে গাড়ি দুটি আটক করা হয় বলে অভিযানে নেতৃত্বদানকারী স্কোয়াড্রন লিডার সাফায়াত জামিল ফাহিম জানিয়েছেন।
এসময় মোতাহের হোসেন (৩০), রবিউল হাসান (১৯), জাকির হোসেন (৩৫) ও খোকন মিয়া (৩৫) নামে চার জনকে গ্রেপ্তার করা হয়।
সাফায়াত জামিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কভার্ড ভ্যান তল্লাশি করে ১২টি ও প্রাইভেট কার থেকে দুটি বস্তার ভেতর থেকে সাড়ে তিন হাজার বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
“গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে। ফেনসিডিলগুলো নিয়ে কুমিল্লার সীমান্তবর্তী সোয়াগাজী থেকে চট্টগ্রাম স্টেশন এলাকায় নিয়ে আসছিল।”
