২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম থেকে উড়ল নভোএয়ারের কলকাতা ফ্লাইট

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নভো এয়ারের চট্টগ্রাম-কলকাতা ফ্লাইট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম ব‌্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2016, 07:50 PM

Updated : 11 Oct 2022, 09:27 PM

বুধবার দুপুর ২টা ৫০ মিনিটে শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ৪৯ জন যাত্রী নিয়ে কলকাতার উদ্দেশ‌্যে ছেড়ে যায় নভো এয়ারের ফ্লাইট।

এর আগে বিমান বন্দরে একটি অনুষ্ঠানে ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

অনুষ্ঠানে নভো এয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান বলেন, “জাতীয় অর্থনীতিতে চট্টগ্রাম খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সবকিছু ঢাকা কেন্দ্রিক হবে তা হতে পারে না। তাই আমরা এ রুটে বিমান চালু করেছি।

“আশা করি এতে যাত্রীসাধারণের সুবিধা বাড়বে। যাত্রীদের নিরাপত্তা এবং সেবা নিশ্চিত করাই আমাদের অগ্রাধিকার।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব‌্যবস্থাপক উইং কমান্ডার মোহাম্মদ রিয়াজুল কবির এবং নভো এয়ারের পরিচালক হাসিবুর রশিদ।

অনুষ্ঠানে জানানো হয়, প্রতি সোম, বুধ ও শনিবার চট্টগ্রাম-কলকাতা রুটে তিনটি ফ্লাইট পরিচালনা করবে নভো এয়ার।

তিনদিনই দুপুর ২টা ৫০ মিনিটে চট্টগ্রাম ছেড়ে গিয়ে কলকাতা পৌঁছবে স্থানীয় সময় বিকাল ৩টা ৩৫ মিনিটে এবং সেখান থেকে বিকেল ৪টা ২০ মিনিটে ছেড়ে চট্টগ্রাম পৌঁছবে সন্ধ্যা ছয়টা ৫ মিনিটে।

চট্টগ্রাম-কলকাতা-চট্টগ্রাম রুটে ভাড়া নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন ১১ হাজার ৫৫৫ টাকা; একপথের ভাড়া ছয় হাজার ৩০০ টাকা।

গত ১ ডিসেম্বর থেকে ঢাকা-কলকাতা রুটে ফ্লাইট পরিচালনা করছে নভো এয়ার। প্রতি সপ্তাহের মঙ্গল, বৃহস্পতি, শুক্র ও রোববার ফ্লাইট চলে এই পথে।