২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিএমএ নির্বাচন: প্রচারণায় হামলার শিকার হওয়ার অভিযোগ

পেশাজীবী চিকিৎসকদের সংগঠন বিএমএ চট্টগ্রাম শাখার নির্বাচনে প্রচার চালাতে গিয়ে বাধা ও হামলার শিকার হওয়ার অভিযোগ করেছে প্রতিদ্বন্দ্বিতাকারী ডা. নাসির-ডা. মিনহাজ পরিষদ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2016, 08:24 PM

Updated : 12 Apr 2022, 03:29 AM

রোববার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ তলায় প্রচারণার একপর্যায়ে প্রতিদ্বন্দ্বী ডা. মুজিব-ডা. ফয়সাল প্যানেলের সমর্থক কলেজ ছাত্রলীগের কিছু কর্মী ও বহিরাগত ছেলে বাধা দেয় বলে অভিযোগ তাদের।

বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন বিএমএ কেন্দ্রীয় প্যানেলের সহ-সভাপতি (চট্টগ্রাম বিভাগ) প্রার্থী ডা. শেখ শফিউল আজম।

তিনি বলেন, আমি ও কেন্দ্রীয় সদস্য প্রার্থী প্রচারণায় গেলে দুপুরের দিকে কিছু ছাত্র ও বহিরাগত যুবক বাধা দেয়। তারা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের নামে স্লোগান দিয়ে অশালীন ভাষায় বাদানুবাদে জড়িয়ে পড়ে।

এসময় নাসির-মিনহাজ পরিষদের পক্ষে কেন্দ্রীয় কাউন্সিলর প্রার্থী ডা. একিউএম জিসানুর রহমানকে জোর করে ছাত্র সংসদের দিকে নিয়ে গিয়ে শারীরিকভাবে লাঞ্চিত করে বলে অভিযোগ করেন তিনি।

এ হামলা ও প্রচারণায় বাধা দেওয়ার জন্য বিএমএ চট্টগ্রামের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী সরকারদলীয় অপর প্যানেল ডা. মুজিব-ডা. ফয়সাল পরিষদকে দায়ী করে তিনি বলেন, হামলার সময় একজন ইন্টার্ন চিকিৎসকও উপস্থিত ছিলেন।

ডা. শফিউল আজম বলেন, "হামলাকারীরা পিছু হটলে আমরা পরবর্তীতে মেডিকেল ক্যাম্পাস ত্যাগ করি।"

এ হামলার ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

ডা. শেখ শফিউল আজম সংবাদ সম্মেলনে এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, আমরা কেন্দ্রীয় প্যানেলের পক্ষে নির্বাচনী প্রচারণার জন্য মেডিকেল ক্যাম্পাসে গিয়েছিলাম। কিন্তু প্রচারে তারা যে আচরণ করল তা বিএমএর মতো কোনো সংগঠনে কাম্য নয়।

সংবাদ সম্মেলন থেকে নাসির-মিনহাজ প্যানেলের পক্ষে জানানো হয়, চট্টগ্রাম মেডিকেল কলেজ ক্যাম্পাসে তাদের প্যানেলের পক্ষ থেকে তিন দফায় ১৩টি নির্বাচনী ব্যানার লাগানো হলেও তার কোনোটি আর অক্ষত নেই।

বিএমএ চট্টগ্রাম নির্বাচন কমিশনের আহ্বায়ক গোপনে অপর প্যানেলের সঙ্গে যোগসাজশ করে প্রবর্তক স্কুল অ্যান্ড কলেজকে নির্বাচনী ভেন্যু ঘোষণা করে পদত্যাগ করেছেন দাবি করে সংবাদ সম্মেলনে বলা হয়, মেডিকেল কলেজের কাছে থাকা কেন্দ্রটি কোনোভাবেই নিরপেক্ষ হতে পারে না।

সংবাদ সম্মেলন থেকে নির্বাচনী ভেন্যু পরিবর্তন করে একটি নিরপেক্ষ স্থানে ভোট করার দাবিও জানায় নাসির-মিনহাজ পরিষদ।

এসময় সংবাদ সম্মেলনে বিএমএ চট্টগ্রাম শাখার নির্বাচনে সভাপতি প্রার্থী ডা. নাসির উদ্দিন মাহমুদ, সাধারণ সম্পাদক প্রার্থী আ ম ম মিনহাজুর রহমান, সাবেক সিবিল সার্জন ডা. আবু তৈয়ব, সহ-সভাপতি প্রার্থী ডা. এম এ রউফসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আগামী ২২ ডিসেম্বর বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) নির্বাচন অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয়ভাবে সরকারদলীয় প্যানেল একটি হলেও চট্টগ্রামে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে।

এর মধ্যে নাসির-মিনহাজ ও মুজিব-ফয়সাল উভয় পরিষদই নিজেদের কেন্দ্রীয়ভাবে স্বাচিপের মনোনীত প্রকৃত প্যানেল বলে দাবি করছে।

ডা. মুজিব-ডা. ফয়সাল পরিষদের প্রতি প্রকাশ্যে সমর্থন দিয়েছেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন।

আর নাসির-মিনহাজ পরিষদের প্রতি সমর্থন রয়েছে সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের।