চট্টগ্রামে মিয়ানমারের রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদ
মিয়ানমারের সামরিক বাহিনীর উসকানিতে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর হত্যা, নির্যাতন ও ধর্ষণের ঘটনা ঘটছে বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ অধ্যাপক মইনুল ইসলাম।
মঙ্গলবার বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গনে ‘জেগে ওঠো বাংলাদেশ’ এর আয়োজনে মানববন্ধন ও সমাবেশ চলাকালে তিনি এ মন্তব্য করেন।
‘মিয়ানমারের রাখাইন প্রদেশে সংখ্যালঘু মুসলমানদের হত্যা, নির্যাতন, উচ্ছেদ ও তাদের সহায় সম্পদ ধ্বংসের প্রতিবাদে’ এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ইউজিসি অধ্যাপক মইনুল ইসলাম বলেন, মিয়ানমারের সামরিক বাহিনীর সরাসরি উসকানিতে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর হত্যা, নির্যাতন ও ধর্ষণের ঘটনা ঘটেছে।
“এটি একটি জনগোষ্ঠীকে তাদের নিজভূমি থেকে উৎখাত করার দীর্ঘস্থায়ী প্রয়াস। রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর সংঘটিত গণহত্যা ও নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সারা বিশ্বকে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করতে হবে।”
সমাবেশে কবি-সাংবাদিক আবুল মোমেন বলেন, “দীর্ঘ পাঁচশ বছর ধরে রোহিঙ্গারা মিয়ানমারের রাখাইন রাজ্যে বসবাস করছে। কিছুদিন পরপর ইস্যু সৃষ্টির জন্য রোহিঙ্গাদের ওপর নির্যাতন চালানো হয়। এসব নির্যাতনে প্রতিবারই মানবতার বিপর্যয় ঘটে।
“এখন রোহিঙ্গারা নাগরিকতাহীন জনগোষ্ঠীতে পরিণত হয়েছে। তারা মানবেতর জীবনযাপন করছে।”
রোহিঙ্গাদের ওপর নির্যাতনের বিষয়ে যথাযথ ভূমিকা না রাখায় শান্তিতে নোবেল জয়ী অং সান সু চির সমালোচনাও করেন আবুল মোমেন।
সমাবেশে নগর পরিকল্পনাবিদ সুভাষ চন্দ্র বড়ুয়া বলেন, মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর অমানবিক কর্মকাণ্ডের বিরুদ্ধে বিশ্ব বিবেককে জাগ্রত হতে হবে। যারা মিয়ানমারে এ ধরনের ঘটনা ঘটাচ্ছে তারা সন্ত্রাসী।
আবৃত্তিশিল্পী রাশেদ হাসানের সঞ্চালনা মানববন্ধনে আরও বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক রণজিৎ দে, শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক কাজী এস এম খসরুল আলম কুদ্দুসী, উদীচী কেন্দ্রীয় কমিটির নেতা চন্দন দাশ, মুক্তিযোদ্ধা তপন দস্তিদার, পরিবেশ সংগঠক শরীফ চৌহান, দেলোয়ার মজুমদার, উদীচী শিল্পীগোষ্ঠী চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক শীলা দাশগুপ্ত ও নাট্যজন জাহাঙ্গীর কবির।
