২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে গার্মেন্টকর্মীর লাশ উদ্ধার

চট্টগ্রামের ডবলমুরিং থানার মনসুরাবাদ হাজী মসজিদ এলাকায় নালার পাশ থেকে এক গার্মেন্টকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2016, 02:36 PM

Updated : 20 Aug 2022, 02:25 PM

নিহত মিজানুর রহমান (৪৫) সোমবার রাতে মোবাইলে ফোন পেয়ে বাসা থেকে বেরিয়েছিলেন বলে পরিবারের দাবি।

চাঁদপুরের কচুয়ার বাসিন্দা মিজানুর চট্টগ্রামের মুরাদপরে একটি গার্মেন্টে কাজ করতেন। প্রথম স্ত্রীকে নিয়ে নগরীর টাইগারপাস রেলওয়ে কলোনি এলাকার চার নম্বর ভবনে থাকতেন তিনি।

ডবলমুরিং থানার এসআই মো. কামরুজ্জামান বলেন, “সোমবার রাত ১০টার দিকে মিজানুরের মোবাইলে একটি ফোন আসে বলে আমাদেরকে জানিয়েছেন তার প্রথম স্ত্রী।

“ফোন পেয়ে মিজানুর বাসা থেকে বেরিয়ে যান। সকালে হাজী মসজিদ এলাকায় রেলওয়ের ডক ইয়ার্ডের সীমানা দেয়াল সংলগ্ন নালার পাশে একটি লাশ পড়ে আছে জানতে পেরে আমরা সেখানে যাই।”

তিনি বলেন, নিহতের ডান বাহুতে বড় আঘাতের চিহ্ন আছে। এছাড়া পিঠের বামপাশে ধারালো অস্ত্রে দুটি আঘাতও আছে। তার মোবাইল ফোনটি পাওয়া যায়নি।

লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।