২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে রেলের উচ্ছেদ অভিযানে হামলা

চট্টগ্রামের আইস ফ্যাক্টরি রোডে পূর্ব রেলের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের অভিযানে হামলা চালিয়েছে দখলদাররা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2016, 05:49 PM

Updated : 11 Oct 2022, 09:24 PM

সোমবার সকালে দ্বিতীয় দিনের মতো উচ্ছেদ অভিযানে গেলে এ হামলার ঘটনা ঘটে বলে জানান পূর্ব রেলের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ইশরাত রেজা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ইশরাত রেজা বলেন, “সকাল সাড়ে ১০টার দিকে অভিযান শুরু হলে দখলদাররা পাথর ছুড়ে বাধা দেয়। পরে পুলিশ তাদের ধাওয়া করে সরিয়ে দেয়।”

এসময় স্থানীয়রা রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টিরও তৈরি চেষ্টা করে বলে তিনি জানান ।

কোতোয়ালি থানার এসআই মো. রফিক জানান, উচ্ছেদ অভিযান শুরুর আগেই দখলদাররা পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়লে  পুলিশ তাদের ধাওয়া দেয়।

অভিযানে কোতোয়ালি ছাড়াও সদরঘাট থানা ও পুলিশ লাইনের দেড়শতাধিক পুলিশের পাশাপাশি রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরাও অংশ নেয় বলে জানান তিনি।

চট্টগ্রাম রেল স্টেশনের সীমানা প্রাচীর লাগোয়া এ এলাকায় কয়েক হাজার নিম্ন আয়ের মানুষের বসবাস। ছোট ছোট ঝুপড়ির এলাকাটি মাদক আখড়া হিসেবেও পরিচিত। মাদক বেচাকেনার ভাগ নিয়ে বিভিন্ন সময়ে ওইসব এলাকায় সংঘর্ষেরও ঘটনা ঘটেছে।

পুরো এলাকা দখমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে বলে জানান ইশরাত রেজা।