নারীর প্রতি সহিংসতা রোধে সামাজিক আন্দোলন তৈরির আহ্বান
নারীর প্রতি সহিংসতা রোধে সামাজিক আন্দোলন দরকার বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শিরীণ আখতার।
শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) আয়োজিত ‘গণমাধ্যমে নারী: লিঙ্গভিত্তিক সহিংসতার আধেয় সমীক্ষা’ শীর্ষক গবেষণাকর্ম নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
অধ্যাপক শিরীণ আখতার বলেন, “নারীর প্রতি সহিংসতা মিডিয়ায় কিভাবে প্রকাশিত হবে তা ভাবা উচিত। কোনো ধর্ষণের ঘটনার সংবাদ যেভাবে বর্ণনা হয়, কিন্তু অপরাধীর শাস্তির খবর সেভাবে বিস্তারিত আসে না।”
নারীরা শিক্ষায় চাকরিতে অনেক এগিয়ে যাচ্ছে মন্তব্য করে শিরীণ আখতার বলেন, “বাহ্যিকভাবে অনেক এগুনোর পরিস্থিতি দেখলেও সামজিকভাবে নারী-শিশু নির্যাতন সেভাবে কমেনি। এ থেকে পরিত্রাণে নারীদের আরও বেশি সচেতন হতে হবে।”
এছাড়াও নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সব শ্রেণিপেশার মানুষের সামাজিক আন্দোলন প্রয়োজন মন্তব্য করে তিনি বলেন, সংবাদ মাধ্যমে এখন আর নির্যাতিতাদের ছবি তেমন না ছাপানো হয় না। কিন্তু ঘটনার বর্ণনার ক্ষেত্রেও আরো সহনীয় হওয়া উচিত।
বিএনপিএস এর নির্বাহী পরিচালক রোকেয়া কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গবেষণা কর্ম উপস্থাপন করেন ঢাকা বিশ্বদ্যিালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক মফিজুর রহমান।
তার গবেষণা সহকারী ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির প্রভাষক জেনিনা ইসলাম আবির এসময় উপস্থিত ছিলেন।
(প্রতীকী ছবি)
অধ্যাপক মফিজুর রহমান তার গবেষণায় সহিংসতার রোমঞ্চকর গল্পের মতো বর্ণনার পরিবর্তে শাস্তি ও প্রতিবাদকে গুরুত্ব দেওয়া, লিঙ্গবিত্তিক সহিংসতার ক্ষেত্রে নারীর ছবি ব্যবহার ও বর্ণনায় অবমাননাকর শব্দ পরিহারের সুপারিশ করেন।
এছাড়া নারীর প্রতি সহিংসতার ক্ষেত্রে নির্যাতিতার নাম পরিচয় প্রকাশে বিরত থাকার সুপারিশও করা হয়।
সভাপতির বক্তব্যে বিএনপিএসের নির্বাহী পরিচালক রোকেয়া কবীর বলেন, পারিবারিক জায়গা থেকেই নারীর প্রতি সহিংসতা শুরু হয়। পড়ালেখা কম থাকা, পৈত্রিক সম্পদে সমান অধিকার না থাকা এবং সামজিক অবক্ষয়ের কারণে নারীর প্রতি সহিংসতা বাড়ছে।
নারী-পুরুষের সমতা আনয়ন ও নির্যাতন কমানোর মাধ্যমে নারীর প্রতি সহিংসতা থেকে উত্তরণে মিডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেন তিনি।
অন্যদের মধ্যে প্রথম আলোর সহকারী বার্তা সম্পাদক ওমর কায়সার, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক নাজিমুদ্দিন শ্যামল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক আলী আজগর চৌধুরী, একই বিভাগের সহযোগী অধ্যাপক আতিকুর রহমান, সহকারী অধ্যাপক সুবর্ণা মজুমদার, নারীনেত্রী জেসমিন সুলতানা পারু, সরকারি মহসিন কলেজের সহযোগী অধ্যাপক ইদ্রিস আলী বক্তব্য রাখেন।
