নাসিরনগরের পুনরাবৃত্তি রোধে কমিউনিটি পুলিশকে সচেতন থাকার আহ্বান আইজিপির
নাসিরনগরের ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটতে পারে সেজন্য ‘অশুভ শক্তির’ বিরুদ্ধে সচেতন হতে কমিউনিটি পুলিশ সদস্যদের আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক।
বৃহস্পতিবার চট্টগ্রামের লালদিঘী মাঠে চট্টগ্রাম কমিউনিটি পুলিশের সমাবেশে এ আহ্বান জানান তিনি ।
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ঘটনাকে ‘নতুন ষড়যন্ত্র’ মন্তব্য করে আইজিপি বলেন, “সেখানে ফেইসবুকের ওয়ালে একটা পোস্ট আসছে। বুঝলাম সেটা ধর্ম অবমাননায় আঘাত লাগছে। সাথে সাথে তাকে গ্রেপ্তার করা হয়েছে।”
“এরপর আপনারা হিন্দুদের বাড়িতে জালাও পোড়াও ভাংচুর করে একটা ‘সিনক্রিয়েট’ করলেন।”
ফেইসবুকে অপপ্রচারের প্রসঙ্গ টেনে পুলিশ সদস্যদের উদ্দেশে শহীদুল হক বলেন, “গুজব ছড়িয়ে, সস্তা ধর্মীয় অনুভূতি কাজে লাগিয়ে যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি করতে না পারে সেজন সতর্ক থাকবেন।”
অশুভ শক্তি ষড়যন্ত্র করেই যাচ্ছে মন্তব্য করে তিনি বলেন, জনগণের কাছে তাদের কোনো ভিত্তি নেই, কিন্তু ষড়যন্ত্রে তারা ওস্তাদ। এ ধরনের কোনো ঘটনা আপনারা দেখলে সাথে সাথে পুলিশকে জানান।
সমাবেশে পুলিশ প্রধান শহীদুল ধর্মীয় উগ্রবাদকে কাজে লাগিয়ে বর্তমান সময়ের বিভিন্ন জঙ্গি হামলা, মাদকের বিরুদ্ধেও কমিউনিটি পুলিশ সদস্যদের পরমর্শ দিয়ে বক্তব্য রাখেন।
এতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার ইকবাল বাহার, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহা. শফিকুল ইসলাম, সিএমপির অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য্য, চট্টগ্রাম জেলার পুলিশ সুপার নুরে আলম মিনা, চট্টগ্রাম কমিউনিটি পুলিশের সদস্য সচিব ওহীদ সিরাজ চৌধুরী বক্তব্য রাখেন।
মাদক বিক্রি ছেড়ে স্বাভাবিক জীবনে
মাদক বিক্রি ছেড়ে ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসায় আট মাদক বিক্রেতাকে সেলাই মেশিন ও ভ্যান গাড়ি উপহার দেওয়া হয়েছে কমিউনিটি পুলিশের এই সমাবেশে থেকে।
এদের মধ্যে চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত মাদক বিক্রেতাদের অন্যতম হাসনাবানু ওরফে পাখির সঙ্গে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কথা হয়।
সাতটি মাদক মামলার আসামি পাখি জেল খেটেছেন পাঁচবার। মাস পাঁচেক আগে জেল খেটে মাদক বিক্রি ছেড়ে নতুন করে জীবন গড়ার স্বপ্ন শুরু করেন তিনি।
পাখি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০০০ সালে ‘স্বামীর অসুস্থতার’ কারণে প্রতিবেশী মেয়েদের দেখে মদ বিক্রিতে জড়িয়ে পড়েন। এরপর ইয়াবা বিক্রিতেও জড়িয়ে যান।
“২০০২ সালে মদ বিক্রির ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের করা মামলায় পলাতক আসামি হয়েছিলাম। পরে মামলার জামিন নিতে গেলে আদালত কারাগারে পাঠায়,” বলেন তিনি।
গত মে মাসের দিকে পাখি গ্রেপ্তার হওয়ার পর এক মাস জেল খেটে রোজার আগে কারাগার থেকে ছাড়া পান।
এরপর থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা করেন বলে জানান পাখি।
