২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এসএসসির বাড়তি ফি: প্রশাসনকে খোলা চিঠি চট্টগ্রাম ছাত্রলীগের

চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) পরিচালিত স্কুলগুলোতে এসএসসির ফরম পূরণে অতিরিক্ত ফি ফেরত দেওয়ার দাবিতে প্রশাসনের উদ্দেশে খোলা চিঠি দয়েছে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2016, 08:25 PM

Updated : 12 Apr 2022, 03:25 AM

বুধবার চট্টগ্রাম আদালত ভবন প্রাঙ্গণে আয়োজিত এক সমাবেশে এ চিঠি পাঠ করেন নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমদ ইমু।

চিঠিতে প্রশাসনের উদ্দেশে স্কুলগুলোর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বলা হয়, শেখ হাসিনার সরকার শিক্ষা প্রসারের জন্য বিনামূল্যে বই প্রদান, বাচ্চাদের জন্য স্কুলে খাবার, নারী শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি প্রদান করছে।

“এছাড়াও ২৬ হাজার ১৯৩টি প্রাথমিক স্কুল জাতীয়করণ, গরীব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষা সহায়তা ট্রাস্ট আইনসহ সরকার নানান পদক্ষেপ নিচ্ছে। সরকার যখন এসব পদক্ষেপ নিয়ে শিক্ষাকে সাধারণ মানুষের জন্য সহজলভ্য করছে, তখন সিসিসির স্কুলগুলোতে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে।”

সিসিসি পরিচালিত ৪৭টি মাধ্যমিক স্কুলে শিক্ষার্থীদের কাছ থেকে ‌করপোরেশন উন্নয়ন তহবিলের নামে এক হাজার টাকা, কোচিংয়ের নামে এক হাজার ২০০ টাকা ও দুই মাসের অগ্রিম বেতন বাবদ ৬০০ টাকা মোট দুই হাজার ৮০০ টাকা বাড়তি আদায় করা হচ্ছে বলে খোলা চিঠিতে জানানো হয়।

ফরম পূরণের ফি জমা দেওয়ার নির্দিষ্ট সময় শেষ হয়ে যাওয়ার পর শিক্ষার্থীদের কাছ থেকে তিন খাতে এ টাকা আদায় করা হচ্ছে বলে অভিযোগ করা হয় খোলা চিঠিতে।

যে শিক্ষার্থীরা দাবি করা টাকা দিতে পারছে না তাদেরকে পরীক্ষায় অংশ নিতে না দেয়া ও তাদের সাথে অমানবিক আচরণের অভিযোগও আনা হয় খোলা চিঠিতে।

এ বিষয়ে জেলা প্রশাসকের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন নগর ছাত্রলীগ।

জানতে চাইলে নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফি জমা দেওয়ার সময় শেষ হওয়ার পরে ফরম ফিলআপে শিক্ষার্থীদের সাইন করতে দেওয়া হবে না- এমন ভয় দেখিয়ে টাকা আদায় করছে সিসিসির স্কুল কর্তৃপক্ষ।

“আমরা এটার প্রতিবাদে প্রশাসনের উদ্দেশে খোলা চিঠি পাঠ করে দায়ী স্কুলগুলোর বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছি।”

‘খোলা চিঠি পাঠ’ সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নগর ছাত্রলীগের সহ-সভাপতি নাঈম রনি ও যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সামদানি জনি।