অবৈধ দখলে থাকা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জমি উদ্ধার
অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রায় দুই কোটি টাকা সমমূল্যের ভূমি উদ্ধার করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ)।
বুধবার নগরীর শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সড়ক সংলগ্ন চার শতকের জায়গাটি উদ্ধার করা হয় বলে সিপিএর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সিপিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকেয়া পারভিনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ ভূমি উদ্ধার করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দক্ষিণ পতেঙ্গার শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন ওই ভূমিটি ভূমিদস্যুদের হাতে অবৈধভাবে দখল হয়ে যায়। পরে এটার উপর সেমিপাকা স্থাপনা করে ভাড়া দেয় দখলকারীরা।
ভ্রাম্যমাণ আদালত ভূমিটি উদ্ধার করে সিপিএর হেফাজতে নিয়েছে।
উদ্ধার করা চার শতক ভূমির বাজারমূল্য আনুমানিক দুই কোটি টাকা বলে বিজ্ঞপ্তিতে বলা হলেও কোনো ভূমিদস্যুর নাম উল্লেখ করা হয়নি।
