২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সমাহিত ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর জালালুদ্দীন

ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের গর্ভনর ও আহলে সুন্নাত ওয়াল জামাতের উপদেষ্টা জালালুদ্দীন আল-কাদরীকে চট্টগ্রামের জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা সংলগ্ন কবরস্থানে সমাহিত করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2016, 07:13 PM

Updated : 11 Oct 2022, 09:23 PM

পুরনো খবর:

ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর জালালুদ্দীন আল-কাদরীর মৃত্যু

সোমবার সন্ধ্যার আগে জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ, চট্টগ্রামের এই খতিবকে সমাহিত করার আগে তার আরও দুটি জানাজা হয়।

সকালে জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ মাঠে প্রথম জানাজা এবং বিকালে জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে তার দ্বিতীয় জানাজা হয়।

এর আগে শনিবার রাতে ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার পর রোববার রাজধানীতে ইসলামিক ফাইন্ডেশনের এই গভর্নরের দুটি জানাজা হয়।

মোহাম্মদপুরের কাদেরীয় তৈয়বিয়া কামিল মাদ্রাসা মাঠে রাজধানীর প্রথম জানাজা এবং বায়তুল মোকাররম জাতীয় মসজিদে দ্বিতীয় জানাজা হয়।

এর সোমবার সকালে চট্টগ্রামের পটিয়া উপজেলার চরকানাই গ্রামে জন্ম নেওয়া জালালুদ্দীনের মৃতদেহ চট্টগ্রামে নেওয়া হয়।

সেখানে জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ মাঠের প্রথম জানাজায় বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। মসজিদ মাঠ, পার্শ্ববর্তী সড়ক ছাড়িয়ে ওয়াসার মোড়, আলমাস সিনেমার মোড় ছাড়িয়ে কাজীর দেউড়ি পর্যন্ত মানুষের ঢল নামে জানাজায় অংশ নিতে।

বাংলাদেশের সুন্নি জনগোষ্ঠীর অন্যতম নেতা জালালুদ্দীন চট্টগ্রামে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব রাজনৈতিক দল ও শ্রেণি-পেশার মানুষের কাছে গ্রহণযোগ্য ছিলেন।

জমিয়তুল ফালাহা মসজিদ মাঠে জানাজা নামাজ পরিচালনা করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ সোলাইমান আনসারী।

এতে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ইছহাক মিয়া, নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী, সাবেক মেয়র মনজুর আলম, সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী, জেলা প্রশাসক সামসুল আরেফিন, সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম, নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর অংশ নেন।

জালালুদ্দীন ৪৩ বছরের শিক্ষকতা জীবনে ৩৩ বছর যেই জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন, সেই মাদ্রাসার মাঠে হওয়া দ্বিতীয় জানাজার নামাজ পরিচালনা করেন মাওলানা এসকান্দর আলম।

দ্বিতীয় জানাজাতেও মাদ্রাসার শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষের ঢল নামে। জানাজা শেষে জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়।