২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর জালালুদ্দীন আল-কাদরীর মৃত্যু

ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের গর্ভনর, আহলে সুন্নাত ওয়াল জামাতের উপদেষ্টা ও চট্টগ্রামের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদের খতিব জালালুদ্দীন আল-কাদরী আর নেই।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2016, 03:12 PM

Updated : 20 Aug 2022, 02:21 PM

শনিবার রাত ১০টা ১১ মিনিটে ঢাকার বারডেম হাসপাতালে জালালুদ্দীনের মৃত্যু হয় বলে তার সাবেক কর্মস্থল জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ আনিসুজ্জামান জানিয়েছেন।

তার বয়স হয়েছিল ৬৪ বছর।

আনিসুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঢাকার বিএম মিলনায়তনে আ’লা হজরত কনফারেন্সে অংশ নেওয়ার সময় অসুস্থ বোধ করলে তাকে বারডেম হাসপাতালে নেওয়া হয়েছিল।”

হৃদরোগে জালালুদ্দীনের মৃত্যু হয়েছে বলে চিকিৎসকদের বরাত দিয়ে জানান মোহাম্মদ আনিসুজ্জামান।

চট্টগ্রামের পটিয়া উপজেলার চরকানাই গ্রামে জন্মগ্রহণ করেন জালালুদ্দীন। তিনি ৪৩ বছরের শিক্ষকতা জীবনে ৩৩ বছরই জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন।

দুই ছেলে ও তিন মেয়ের জনক জালালুদ্দীন বাংলাদেশ জাতীয় খতিব কাউন্সিলের সভাপতির দায়িত্ব পালন করছিলেন।

জালালুদ্দীন আল-কাদরীর প্রথম জানাজা রোববার সকাল ১০টায় মোহাম্মদপুরের কাদেরীয় তৈয়বিয়া কামিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাজা হবে বিকালে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে।

সোমবার সকালে তার মরদেহ চট্টগ্রামে পৌঁছানোর পর দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

তবে ওইদিন বিকালে জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে তার তৃতীয় এবং সন্ধ্যায় জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা প্রাঙ্গনে চতুর্থ জানাজার সময় ঠিক করা হয়েছে।