চট্টগ্রামে টেম্পো উল্টে ৪ আরোহী আহত
চট্টগ্রামের ইপিজেড থানার সিমেন্ট ক্রসিং এলাকায় টেম্পো উল্টে চার আরোহী আহত হয়েছেন।
সোমবার সকালে এ দুর্ঘটনায় মো. বাবলু (২৩), রফিকুল (৪৫), আপন দাশ (১৮) ও মো. কামাল (২২) আহত হন বলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম জানিয়েছেন।
আহত পোশাক শ্রমিক আপন জানান, চালকের বেপরোয়া চালনার কারণে টেম্পোটি উল্টে যায়।
“বার বার নিষেধ করার পরও সে গাড়ির গতি কমায়নি। সিমেন্ট ক্রসিং এলাকায় পৌঁছানোর পর মোড় ঘোরার সময় টেম্পো উল্টে যায়।”
আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে পরিদর্শক জহিরুল জানিয়েছেন।
