২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দিয়াজের মৃত্যু: অবরোধে চবিতে বন্ধ শাটল, বাস

ছাত্রলীগ নেতা দিয়াজ ইরফান চৌধুরীকে হত্যা করা হয়েছে অভিযোগ তুলে খুনিদের বিচারের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য অবরোধ চলছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2016, 02:58 PM

Updated : 20 Aug 2022, 02:21 PM

রোববার ভোর থেকে শুরু হওয়া অবরোধের মধ্যে দিনে চট্টগ্রাম শহর থেকে বিশ্ববিদ্যালয়গামী কোন শাটল ছেড়ে যায়নি বলে ষোলশহর জংশনের স্টেশন মাস্টার মো. শাহাবুদ্দিন জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “শিক্ষার্থীদের অবরোধের কারণে কোনো শাটল ট্রেন শহর ছেড়ে যেতে পারেনি।”

শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীদের ব্যানারে অবরোধের কর্মসূচির কথা জানান দিয়াজের সমর্থক বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি মোহাম্মদ মামুন।

রোববার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “শহর থেকে কোনো শিক্ষক বাস ছেড়ে যেতে দিইনি আমরা। তেমনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে কোন শিক্ষক বাস নগরীতে আসেনি বলে জানান মামুন।

অবরোধ চলার সময় বিশ্ববিদ্যালয় এলাকায় কয়েকটি সিএনজিচালিত অটোরিকশাও ভাঙচুর করা হয়েছে বলেও খবর পাওয়া গেছে।

গত ২০ নভেম্বর রাতে বিশ্ববিদ্যাবলয়সংলগ্ন বাসায় ঝুলন্ত অবস্থায় দিয়াজের লাশ পাওয়ার পরদিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত হয় ।

দিয়াজ ‘আত্মহত্যা’ করেছেন বলে ময়নাতদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও ছাত্রলীগ সভাপতিসহ ১০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছে তার পরিবার।

আদালত মামলা গ্রহণ করে ৩০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডিকে) নির্দেশ দিয়েছে।

দিয়াজের পরিবার ও সমর্থকরা সন্দেহ করছেন, বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবন ও শেখ হাসিনা হলের দ্বিতীয় অংশের নির্মাণকাজের টেন্ডার নিয়ে দিয়াজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সভাপতি আলমগীর টিপুর অনুসারীদের বিরোধে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্সে এমবিএ করা দিয়াজ ও আলমগীর- দুজনই নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের অনুসারী হিসেবে পরিচিত।