২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে মঙ্গলবার পরিবহন ধর্মঘট

টার্মিনাল নির্মাণ, পুলিশের হয়রানি বন্ধসহ নয় দফা দাবিতে বৃহত্তর চট্টগ্রামে আগামী মঙ্গলবার সকাল থেকে ২৪ ঘণ্টার পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2016, 02:13 PM

Updated : 20 Aug 2022, 02:20 PM

শনিবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে ধর্মঘটের ঘোষণা দেন ফেডারেশনের চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সভাপতি মো. মুছা।

তিনি বলেন, “দীর্ঘদিনের এসব সমস্যা সমাধানে সময় হাতে রেখে যথাযথ কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেওয়াসহ নিয়মন্ত্রাতিকভাবে দাবি জানানো হয়েছে।

“এরপরও সরকার এবং প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় বাধ্য হয়ে আমরা ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করছি।”

সংবাদ সম্মেলনে জানানো হয়, চট্টগ্রাম মহানগরী, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি রুটে মঙ্গলবার ভোর ছয়টা থেবে বুধবার ভোর ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টা পরিবহন ধর্মঘট চলবে।

পরিবহন শ্রমিকদের দাবির মধ্যে রয়েছে- বাস-ট্রাক-প্রাইম মুভার ও ট্রেইলারের জন্য টার্মিনাল নির্মাণ, অটো রিকশা ও অটোটেম্পুর জন্য পার্কিং স্পট, অনিবন্ধিত সিএন অটোরিকশার নিবন্ধন প্রদান ও মালিকের জমা ছয়শ টাকা নির্ধারণ, ভুয়া সংগঠনের নামে সন্ত্রাসী কায়দায় পরিবহন শ্রমিক সংগঠন দখলদারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, বিআরটিএ ও যুগ্ম শ্রম পরিচালকের দপ্তরের দুর্নীতি-হয়রানি-অব্যবস্থাপনা বন্ধ, পরিবহন শ্রমিকদের নিয়োগপত্র দিয়ে কল্যাণ তহবিলের টাকা পাওয়া নিশ্চিত করা।

মো. মুছা বলেন, “দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসলেও উত্তর জেলার জন্য বাস-কোচ টার্মিনাল হয়নি। বন্দর এলাকায় ট্রাক টার্মিনালও নির্মিত হয়নি। মহানগরীতে যত্রতত্র অবৈধ পার্কিং হয়, পুলিশের পকেট ভরে কিন্তু পার্কিং টার্মিনাল হয় না।”

সরকার পরিবহন শ্রমিকদের কল্যাণে ২০১২ সালের ৭ অগাস্ট কল্যাণ তহবিলের গেজেট প্রকাশ করলেও এখনও তার বাস্তবায়ন নেই বলে জানান তিনি।  

পুলিশ পণ্যবাহী গাড়ির বাম্পার ও সাইড অ্যাঙ্গেল কেটে ফেলার যে নির্দেশ দিয়েছে তা পুনর্বিবেচনার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফেডারেশনের চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি হাজী রুহুল আমিন, ফেডারেশনের আঞ্চলিক কমিটির কার্যকরী সভাপতি রবিউল মাওলা, আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক অলি আহমদ, আন্দোলন পরিচালনা কমিটির চেয়ারম্যান আবদুস সবুর ও সদস্য সচিব হুমায়ুন কবির।