রোহিঙ্গাদের জন্য সীমান্ত ‘খুলে দেওয়ার’ আহ্বান হেফাজতের
মিয়ানমারে সেনা নির্যাতনের শিকার রাখাইন রাজ্যের রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সীমান্ত খুলে দিয়ে তাদের শরণার্থীর মর্যাদা দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম।
শুক্রবার দুপুরে চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা জামে মসজিদ চত্বরে রোহিঙ্গাদের উপর নির্যাতনের প্রতিবাদে আয়োজিত এক সমাবেশ থেকে এ আহ্বান জানান হেফাজতে ইসলামীর মহাসচিব জুনায়েদ বাবুনগরী।
মিয়ানমারের এই ‘রাষ্ট্রীয় সন্ত্রাস’ বন্ধ না হলে প্রয়োজনে মিয়ানমারমুখী লংমার্চেরও ঘোষণা দেন হেফাজতে ইসলামীর এই নেতা।
বাবুনগরী প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, “আপনার সরকার জনগণের সরকার। তাই আপনাকে জনগণের ভাষা বুঝতে হবে। সীমান্ত খুলে দিয়ে রোহিঙ্গা মুসলিমদের আশ্রয় দেওয়ার ব্যবস্থা করুন।”
কূটনৈতিক উপায়ে জাতিসংঘের মাধ্যমে মিয়ানমারের উপর চাপ প্রয়োগের আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমরা ১ ডিসেম্বর গণমিছিল করব, ২ ডিসেম্বর মিয়ানমার দূতাবাসে স্মারকলিপি দিব।
“এরপরও যদি মিয়ানমার সেনাবাহিনীর গণহত্যা না থামে, তাহলে কোটি কোটি মুসলমানকে সাথে নিয়ে আমরা মিয়ানমারমুখী লংমার্চ করব। সু চির তক্তপোষ কাঁপিয়ে দিবে তৌহিদি জনতা।”
হেফাজতের এই আন্দোলনকে সরকারবিরোধী আন্দোলন হিসেবে না দেখতে সরকারের প্রতি আহ্বানও জানান হেফাজত মহাসচিব।
“সরকারকে বুঝতে হবে এটা সরকারবিরোধী আন্দোলন নয়। মুসলিম রোহিঙ্গার প্রাণ ও অধিকার রক্ষায় আমরা আন্দোলন করছি। এ গণহত্যা থামাতে সরকারেরও যা যা করা প্রয়োজন সব করতে হবে।”
রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে কড়া নজরদারি রাখার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে ‘সংবিধানের লঙ্ঘন’ বলে আখ্যায়িত করেন হেফাজতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী।
তিনি বলেন, আমাদের সংবিধানের ২৫ অনুচ্ছেদের (ক) ধারায় স্পষ্ট উল্লেখ আছে প্রতিবেশী কোনো জনগোষ্ঠী জাতিগত, বর্ণগত কোনো নিপীড়নের শিকার হলে তাদের বাংলাদেশ আশ্রয় দিবে।
“স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য সংবিধানের স্পষ্ট লঙ্ঘন। সংবিধান মেনে রোহিঙ্গাদের এ দেশে প্রবেশের সুযোগ দিতে হবে। অনুপ্রবেশ করা ভারতীয় হাতির জন্য সরকার লাখ লাখ টাকা খরচ করে অথচ রোহিঙ্গাদের হাতির মর্যাদাও দেওয়া হচ্ছে না।”
রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে হেফাজত নেতাদের বৈঠক হয়েছে এমন দাবিও করেন আজিজুল।
সংবিধানের ২৫ অনুচ্ছেদ
(২৫) জাতীয় সার্বভৌমত্ব ও সমতার প্রতি শ্রদ্ধা, অন্যান্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ সমাধান এবং আন্তর্জাতিক আইনের ও জাতিসংঘের সনদে বর্ণিত নীতিসমূহের প্রতি শ্রদ্ধা-এই সকল নীতি হইবে রাষ্ট্রের আন্তর্জাতিক সম্পর্কের ভিত্তি এবং এই সকল নীতির ভিত্তিতে রাষ্ট্র
(ক) আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তিপ্রয়োগ পরিহার এবং সাধারণ ও সম্পূর্ণ নিরস্ত্রীকরণের জন্য চেষ্টা করিবেন;
খ) প্রত্যেক জাতির স্বাধীন অভিপ্রায় অনুযায়ী পথ ও পন্থার মাধ্যমে অবাধে নিজস্ব সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ব্যবস্থা নির্ধারণ ও গঠনের অধিকার সমর্থন করিবেন; এবং
(গ) সাম্রাজ্যবাদ, ঔপনিবেশিকতাবাদ বা বর্ণবৈষম্যবাদের বিরুদ্ধে বিশ্বের সর্বত্র নিপীড়িত জনগণের ন্যায়সঙ্গত সংগ্রামকে সমর্থন করিবেন৷
নাস্তিকদের প্ররোচনায় সরকার সীমান্তে কড়াকড়ি আরোপ করেছে- এমন অভিযোগ করে হেফাজতের যুগ্ম মহাসচিব মঈনুদ্দিন রুহী বলেন, “ইয়াবার জন্য যদি সীমান্ত খোলা থাকে, তাহলে রোহিঙ্গাদের জন্য কেন সীমান্ত বন্ধ থাকবে?
“তাদের খাওয়া পরা নিয়ে সমস্যা হলে প্রয়োজনে হেফাজত ইসলাম তাদের দায়িত্ব নেবে।”
সরকার যদি পদক্ষেপ নিতে ব্যর্থ হয় তাহলে তিনিও বাংলাদেশের মানুষকে সঙ্গে নিয়ে মিয়ানমারমুখী লংমার্চের করা হবে বলে হুঁশিয়ারি দেন।
এদিন হেফাজতের সমাবেশকে কেন্দ্র করে নগরীর বিভিন্ন মোড় সতর্ক অবস্থান নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
এসময় নগরীর ডিসি হিলের সামনে নন্দনকানন বৌদ্ধমন্দিরকে ঘিরে নেওয়া হয় বাড়তি নিরাপত্তা।
বৌদ্ধমন্দিরের পাশের সড়ক দিয়ে মিছিল করে যেতে চাইলে পুলিশের নির্দেশে মিছিলের পথ পরিবর্তন করে হেফাজতের নেতারা।
আন্দরকিল্লা থেকে শুরু হয়ে চট্টগ্রামের প্রেস ক্লাবে গিয়ে শেষ হয় হেফাজতে ইসলামীর মিছিল।
সমাবেশ থেকে শান্তিপূর্ণ প্রতিবাদ অব্যাহত রাখতে আহ্বান জানান জুনায়েদ বাবুনগরী।
সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হেফাজত ইসলামীর ঢাকা কমিটির নেতা জুনায়েদ আল হাবিবী, চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মাওলানা সরওয়ার কামালসহ চট্টগ্রাম মহানগর ও উত্তর জেলার নেতারা।
