২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সন্দ্বীপের সেই হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি ২৭ নভেম্বর

বিচার শুরুর পর ১৭ বছর পার হয়ে যাওয়া সন্দ্বীপের সেই হত্যা মামলায় আসামিদের পরীক্ষা শেষে যুক্তিতর্ক শুনানির জন্য রোববার দিন ধার্য করেছে আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2016, 07:45 PM

Updated : 20 Aug 2022, 02:19 PM

চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ নজরুল ইসলাম বৃহস্পতিবার এ আদেশ দেন।

এ মামলার তদন্ত কর্মকর্তা সন্দ্বীপ থানার সেসময়ের ওসি এ এইচ এম মান্নান গত ২০ নভেম্বর আদালতে উপস্থিত হয়ে সাক্ষ্য দেন।

এর আগে হদিস না পেয়ে গত ২২ সেপ্টেম্বর আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছিল।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সহকারী পিপি অজয় বোস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ মামলার আসামিদের মধ্যে তিনজন মারা গেছেন। দুই জন আগে থেকে পলাতক।

“একজন শুনানিতে হাজির না হওয়ায় গত রোববার তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। বাকি দুই আসামি আজ উপস্থিত ছিলেন। ৩৪২ ধারায় তাদের পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে।”

মামলায় আসামি ও রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আদালত আগামী ২৭ নভেম্বর সময় নির্ধারণ করেছেন বলেও জানান আইনজীবী অজয় বোস।

তিনি বলেন, ওই দিন দুই পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে আদালত রায় ঘোষণা করতে পারেন অথবা রায় ঘোষণার জন্য পরবর্তী সময় নির্ধারণ করতে পারেন।

১৯৯৩ সালের ৪ অগাস্ট চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার গাছুয়া ইউনিয়নে আক্কাস উদ্দিনকে (৩০) পিটিয়ে হত্যা করা হয়।

গত ৮ অগাস্ট হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের বেঞ্চ ১৭ বছরেও কেন মামলাটি নিষ্পত্তি হয়নি তা জানতে চান।

চট্টগ্রামের সন্দ্বীপ থানায় ২৩ বছর আগে হওয়া ওই মামলার এক আসামির জামিন আবেদন শুনানিকালে হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

মামলার নথিতে দেখা যায়, ১৯৯৩ সালের ৪ অগাস্ট চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার গাছুয়া ইউনিয়নে আক্কাস উদ্দিনকে (৩০) পিটিয়ে হত্যা করা হয়।

ঘটনার পর নিহত আক্কাসের বাবা আবুল খায়ের বাদী হয়ে ১৯৯৩ সালের ৭ অগাস্ট ছয় জনের বিরুদ্ধে সন্দ্বীপ থানায় হত্যা মামলা করেন।

তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা সন্দ্বীপ থানার সেসময়ের এসআই এ এইচ এম মান্নান ১৯৯৩ সালের ১৯ অক্টোবর এ মামলায় অভিযোগপত্র দেন।

অভিযোগপেত্রে আটজনকে আসামি করা হয়। সাক্ষী করা হয় ২৫ জনকে।

আসামিরা হলেন- চেয়ারম্যান শফিকুল ইসলাম, দফাদার শাহজাহান হক, চৌকিদার আবুল কাসেম, চৌকিদার ফয়েজ উদ্দিন আহমেদ, চৌকিদার মো. সিদ্দিক, মেম্বার আশ্রাফ উদ্দিন, মেম্বার মোমিনুল হক ফেরদৌস ও চৌকিদার সাফিউল হক।

১৯৯৯ সালে এ মামলার বিচার শুরুর পর সাক্ষ্য শুরু হয় ওই বছর ১০ অগাস্ট।

চলতি বছরের ১১ মে চৌকিদার ফয়েজ গ্রেপ্তার হন। নিম্ন আদালতে তিনি জামিনের আবেদন জানালে তা নাকচ হয়। এর বিরুদ্ধে তিনি হাই কোর্টে আবেদন করলে ৮ অগাস্টে তা শুনানির জন্য ওঠে।

২০০৮ সালের ৫ ফেব্রুয়ারি এ মামলায় সর্বশেষ সাক্ষ্যগ্রহণ করা হয়।

এর প্রায় আট বছর পর গত ২২ অগাস্ট আদালতে সাক্ষ্য দেন সেইসময় সন্দ্বীপ স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফখরুল করিম। বর্তমানে তিনি সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।

এখন পর্যন্ত এ মামলার বাদীসহ ১১ জন সাক্ষ্য দিয়েছেন। একজন সাক্ষী মারা গেছেন। তিন জন সাক্ষীর হদিস পায়নি পুলিশ।

পুরনো খবর:

সেই মামলাটি এখনও তদন্ত কর্মকর্তার সাক্ষ্যের অপেক্ষায়
১৭ বছরেও মামলা অনিষ্পন্ন: বিচারকের ব্যাখ্যা চায় হাই কোর্ট