জালাল উদ্দিন খুনে গ্রেপ্তার আরও ২
চট্টগ্রামের আগ্রাবাদে জালাল উদ্দিন সুলতান খুনের ঘটনায় আরও দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার রাতে ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা তাদের গ্রেপ্তার করে বলে জানান পিবিআইর পরিদর্শক সন্তোষ কুমার চাকমা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লীলু আক্তারকে চট্টগ্রামের কর্ণফুলী থানার ইছানগর এলাকা থেকে এবং রাসেলকে চট্টগ্রাম নগরীর শুলকবহর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে জবানবন্দি দিয়েছে বলেও জানান পুলিশ কর্মকর্তা সন্তোষ।
এর আগে গত রোববারের এই হত্যাকাণ্ডের ঘটনার পর এতে জড়িত অভিযোগে সোমবার বিকালে মোহাম্মদ কামালকে গ্রেপ্তার করে পুলিশ। ব্যক্তিগত শক্রতার জেরে জালাল উদ্দিন সুলতানকে শ্বাসরোধ করে হত্যার করা স্বীকার করে আদালতে জবানবন্দিও দেন।
বাড়ি থেকে পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার উদ্দেশে বের হয়ে শনিবার সকালে নিখোঁজ হয়েছিলেন জালাল উদ্দিন (৫০)।
পরে রোববার সকালে নগরীর আগ্রাবাদ সিডিএ এলাকার ২৯ নম্বর রোডের ব্যাংক কলোনির উত্তর গেইটে নালার ওপরে বস্তাবন্দি অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।
লাশ উদ্ধারের পর জালালের ছেলে ইমাজ উদ্দিন সুলতান বাদী হয়ে ডবলমুরিং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এ ঘটনায় কামালকে গ্রেপ্তারের পর পিবিআই জানায়, কামাল ১০ বছর আগে খুন হওয়া জালালের বাড়িতে ভাড়া থাকতেন।
সেই সময় জালালের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়া কামাল টাকার জন্য তাকে আটকে রাখার পর হত্যা করে বলে আসামিদের দেওয়া জবানবন্দির বরাত দিয়ে জানান পিবিআইর পরিদর্শক সন্তোষ কুমার চাকমা।
জবানবন্দির বরাত দিয়ে তিনি আরও জানান, জালাল উদ্দিনকে নগরীর মাদারবাড়িতে কামালের বাসায় আটকে রাখায় আটক কামাল, তার স্ত্রী লীলু আক্তার, ফুফাতো ভাই রাসেল এবং অপর এক নারী অংশ নেয়।
পূর্ব পরিচিত কামাল আগে থেকেই জালালের সঙ্গে পরিচিত ছিল এবং তার সম্পত্তির বিষয়ে জানত। জালালকে আটকে রেখে তার কাছ থেকে ৫০ লাখ টাকা দাবি করে তারা। জালাল তাদের দুই লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতিও দেয়।
তবে ছাড়া পাওয়ার পর এ অর্থ দেওয়ার কথা বললে ধরা পড়ার ভয় থেকে চারজনই শ্বাসরোধ করে জালালকে হত্যা করে বলে জবানবন্দিতে উল্লেখ করা হয়।
কামালের স্ত্রী লীলু আক্তারও জবানবন্দিতে একই তথ্য দিয়েছে জানিয়ে পুলিশ কর্মকর্তা সন্তোষ চাকমা বলেন, এছাড়া জবানবন্দিতে দুজনই হত্যা ও হত্যার পর কিভাবে লাশ ফেলে রাখা হয় তার বর্ণনা দিয়েছে।
