চট্টগ্রামে জালাল উদ্দিন খুনে গ্রেপ্তার ১
চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে জালাল উদ্দিন সুলতান খুনের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার মোহাম্মদ কামাল (৩১) নগরীর ডবলমুরিং থানাধীন পশ্চিম মাদারবাড়ি এলাকায় থাকেন। তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম থানার কাজীর বাজার ভুইয়া বাড়ির খোকন হোসেনের ছেলে।
সোমবার বিকালে চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকা থেকে তাকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা গ্রেপ্তার করে বলে জানান পিবিআই’র পরিদর্শক সন্তোষ চাকমা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, কর্ণফুলী এলাকায় কামালকে তার শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে নিহতের ব্যবহার করা মোবাইল ফোনসেট, হাতঘড়ি, মানি ব্যাগ, পোড়া অবস্থায় এটিএম কার্ড ও কাগজপত্র উদ্ধার করা হয়েছে।
রোববার সকালে নগরীর আগ্রাবাদ সিডিএ এলাকার ২৯ নম্বর রোডের ব্যাংক কলোনির উত্তর গেইটে নালার ওপরে বস্তাবন্দি অবস্থায় জালাল উদ্দিন সুলতানের লাশ উদ্ধার করে পুলিশ। তার শরীরের নিচের অংশ বস্তায় মোড়ানো অবস্থায় এবং ওপরের অংশ গামছা দিয়ে ঢাকা ছিল।
নিহতের পরিবার জানায়, শনিবার সকালে প্রতিদিনকার মতো সকাল সোয়া ৮টায় গোসাইলডাঙ্গা এলাকার বাড়ি থেকে পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার সময় নিখোঁজ হয় জালাল (৫০)।
লাশ উদ্ধারের পর জালালের ছেলে ইমাজ উদ্দিন সুলতান বাদী হয়ে ডবলমুরিং থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
পিবিআই পরিদর্শক সন্তোষ চাকমা জানান, গ্রেপ্তার হওয়া কামাল ১০ বছর আগে জালাল উদ্দিনের বাড়িতে ভাড়া থাকত। তার সাথে তাদের পরিচয় দীর্ঘদিনের।
তিনি বলেন, ব্যক্তিগত শত্রুতার জেরে কামাল শ্বাসরোধ করে জালালকে হত্যা করার কথা স্বীকার করেছে। নগরীর মাদার বাড়ির বাসায় নিয়ে গিয়ে ফুফাতো ভাইয়ের সহযোগিতায় হত্যা করে লাশটি বস্তাবন্দি করে আগ্রাবাদ এলাকায় ফেলে আসেন তিনি।
হত্যাবাণ্ডের জড়িত অপরজনকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান তিনি।
