২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিআইইউতে ‘ওপেন ডে’ পালিত

বিভিন্ন আয়োজনে চিটাগাং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) ‘ওপেন ডে’ পালিত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2016, 08:41 PM

Updated : 20 Aug 2022, 02:19 PM

বুধবার সকালে নগরীর জামাল খান ক্যাম্পাসে ‘ওপেন ডে’ অনুষ্ঠানের উদ্বোধন করেন দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক।

সিআইইউ এর ওপেন ডে উপলক্ষে বেসরকারি বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন বিভাগ এবং সহযোগী প্রতিষ্ঠানগুলো নানা উদ্যোগ গ্রহণ করে।

অনুষ্ঠানমালায় ছিল সিআইইউর প্রকৌশল অনুষদ, আমেরিকান কর্নার এবং ব্রিটিশ কাউন্সিলের উদ্যোগে সেমিনার, সোশাল ওয়েলফেয়ার সোসাইটি (এসডব্লিউএস) ও রেড ক্রিসেন্টের উদ্যোগে রক্তদান কর্মসূচি,  শিক্ষক-শিক্ষার্থী মতবিনিময়, মুভি শো ও স্পট এডমিশন।

সিআইইউ ক্যাম্পাসে অবস্থিত ব্রিটিশ কাউন্সিল এ দিনটি উপলক্ষে তাদের বার্ষিক সদস্য পদের উপর বিশেষ ছাড় দেয়। অনুষ্ঠানে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ক্লাবেরও উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিআইইউর উপাচার্য অধ্যাপক মাহফুজুল হক চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন ব্যবসায় অনুষদের ডিন ড. নুরুল আবসার নাহিদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্যবসায়ী মনজুরুল হক, আরটিভি চট্টগ্রাম ব্যুরো প্রধান সরোয়ার আমিন বাবু, ব্যবস্থাপনা বিভাগের প্রধান প্রকৌশলী রশিদ এ চৌধুরী।

অনুষ্ঠানের দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক বলেন, সব ভালো কাজেরই স্বীকৃতি প্রয়োজন। ভালো কাজকে স্বীকৃতি না দিলে বা উৎসাহিত না করলে আমরা পিছিয়ে যাব।

সিআইইউর উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শুধু স্বচ্ছল পরিবারের সন্তানরাই পড়ালেখা করে এ ধরনের ধারণা মানুষের মধ্যে রয়েছে। কিন্তু সিআইইউর দরজা সবার জন্যই উম্মুক্ত। এখানে দরিদ্র শিক্ষার্থীদের জন্য বিভিন্ন বৃত্তির ব্যবস্থা রাখা হয়েছে।

সিআইইউকে একটি অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এই বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্যরা এখান থেকে কোনো মুনাফা নেন না।