২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেট ব্যবসায়ীবান্ধব নয়: বিজিএপিএমইএ

লাইসেন্স প্রাপ্তি ও নবায়নের ক্ষেত্রে চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেট কমিশনারের সহযোগিতা না পাওয়ার অভিযোগ করেছে গার্মেন্টস শিল্পের সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর সংগঠন বিজিএপিএমইএ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2016, 09:53 PM

Updated : 20 Aug 2022, 02:18 PM

মঙ্গলবার চট্টগ্রাম নগরীতে এক সংবাদ সম্মেলন থেকে কমিশনারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের হয়রানির স্বীকার হওয়ার দাবি করেন বাংলাদেশ এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ) নেতারা।

তাদের অভিযোগ, চট্টগ্রাম বন্ড কমিশনারেটের কমিশনার ব্যবসাবান্ধব নন এবং কারখানার বন্ড লাইসেন্স প্রদান, লাইসেন্স নবায়ন এবং কাঁচামালের আমদানির প্রাপ্যতা পেতে ব্যবসায়ীরা হয়রানির শিকার হচ্ছেন।

সংবাদ সম্মেলনে সংগঠনের প্রথম সহ-সভাপতি তসলিমউদ্দিন চৌধুরীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের উপদেষ্টা শাহজাদা মাহমুদ চৌধুরী।

লিখিত বক্তব্যে বলা হয়, চট্টগ্রামে সংগঠনের ১৬৬ সদস্য প্রতিষ্ঠান বোতাম, কার্টন, জিপার, সুতা, পলিব্যাগ, হ্যাঙ্গারসহ প্রায় ৩৫ রকমের সরঞ্জাম প্রস্তুত করে গার্মেন্টস শিল্পে সরবরাহ করে। এসব প্রতিষ্ঠান শতভাগ রপ্তানিমুখী এবং বন্ডের আওতায় পরিচালিত।

চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেটের কমিশনারের অসহযোগিতার কারণে এ শিল্পের (প্যাকেজিং ও এক্সেসরিজ শিল্প) উদ্যোক্তাদের বিনিয়োগ হুমকির মুখে পড়েছে।

লিখিত বক্তব্যে তসলিম উদ্দিন বলেন, নীতিমালা অনুযায়ী ১৪টি নথি জমা দেওয়া হলে ৩০ দিনের মধ্যে বন্ড লাইসেন্স দেওয়ার কথা। এসব নথি দেওয়ার পরও নির্ধারিত সময়সীমার মধ্যে লাইসেন্স পাওয়া যাচ্ছে না।

ডিজিটাল এক্সেসরিজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান সকল নথি জমা দেওয়ার পরও তাদের লাইসেন্স দেওয়া হয়নি দাবি করে বলা হয়, চার মাস ধরে প্রতিষ্ঠানের কর্মকর্তারা বন্ড কমিশনারেটে ধরনা দিলেও কোনো কাজ হচ্ছে না।

বিজিএপিএমই নেতারা বলছেন, রাজস্ব বোর্ডের আদেশ অনুযায়ী- কারখানার যন্ত্রপাতির বার্ষিক উৎপাদন সক্ষমতার ৬০ শতাংশের সমপরিমাণ কাঁচামাল আমদানির অনুমতি দেওয়ার কথা রয়েছে।

এ অনুমতি দেওয়ার ক্ষেত্রে বিদ্যুৎ বিলের কপি ও পিআরসি (রপ্তানি আয় সংক্রান্ত সনদ) ডকুমেন্ট চেয়ে নোটিশ দেওয়া হচ্ছে। অতিরিক্ত নথি যাচাইয়ে সময় ক্ষেপণের কারণে বন্দর থেকে দ্রুত কাঁচামাল খালাস করা যাচ্ছে না এবং জরিমানা গুনতে হচ্ছে বলে তাদের দাবি।

সংগঠনের পরিচালক খন্দকার লতিফুর রহমান বলেন, ২০টির মতো প্রতিষ্ঠানের মালিকরা বন্ড লাইসেন্স ইস্যু, লাইসেন্স নবায়ন করতে হয়রানির শিকার হয়েছে।

তসলিম উদ্দিন চৌধুরী এ হয়রানি থেকে মুক্তি পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন অন্যথায় বন্ডেড প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাবে এবং অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়বে।

এ সময়  সংগঠনের পরিচালক আবদুল জাব্বার, এম এ সবুর ও মো. নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।