২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এমপি লতিফের পদ বাতিলের দাবি

বঙ্গবন্ধুর ছবি বিকৃতির অভিযোগে আওয়ামী লীগের এম এ লতিফের সংসদ সদস্য পদ বাতিলের দাবি জানিয়েছে একটি সংগঠন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2016, 09:39 PM

Updated : 20 Aug 2022, 02:18 PM

গত জানুয়ারির ঘটনা নিয়ে আট মাস পর ‘জাগ্রত ছাত্র যুব জনতা’ নামে সংগঠনটির পক্ষ থেকে মঙ্গলবার চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।

এই সমাবেশ পরিচালনা করেন ‘জাগ্রত ছাত্র যুব জনতা’র সভাপতি এ এস এম জাহিদ হোসেন ও সদস্য সচিব আবদুর রহিম জিল্লুর।

সমাবেশ শেষে সাংসদ লতিফের ছবিতে ‘পচা ডিম’ নিক্ষেপ করে সংগঠনের নেতা-কর্মীরা।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন বলেন, “পাকিস্তানিরা বঙ্গবন্ধুর ছবি বিকৃত করার সাহস পায়নি, অথচ আওয়ামী লীগের তথাকথিত এক সাংসদ এ দুঃসাহস দেখিয়েছে।

“স্বৈরাচর বিরোধী আন্দোলনের সময় চিহ্নিত গণদুশমনদের কেউ কেউ সংসদে বসে আছেন। দলের কিছু নেতা তাদের আশ্রয় দিচ্ছে। অপরাধ যে করে আর অপরাধ যে সহে, উভয়ে সমান দোষে দোষী।”

চলতি বছরের জানুয়ারির শেষ সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চট্টগ্রাম সফর উপলক্ষে বন্দর-পতেঙ্গা এলাকায় সাংসদ এম এ লতিফের দেওয়া বিলবোর্ডে বঙ্গবন্ধুর ছবি বিকৃত করা হয়।

ওই ঘটনার পরই লতিফের বিরুদ্ধে আন্দোলনে ‘জাগ্রত ছাত্র যুব জনতা’ নামের সংগঠনটি সরব হয়।

তখন লতিফ ওই ঘটনার জন‌্য দুঃখ প্রকাশ করে এজন‌্য বিজ্ঞাপনী সংস্থাকে দায়ী করেন।

জাতির জনকের ছবি বিকৃতির অভিযোগে করা মামলার বিচার কাজ শেষ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন সুজন।

সমাবেশে চট্টগ্রাম সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর নিলু নাগ বলেন, দলের সাধারণ সম্পাদক ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগে বসন্তের কোকিলদের ঠাঁই হবে না।

“কিন্তু দলে এম এ লতিফ নামের একজন বসন্তের কোকিল রয়ে গেছেন। তার সংসদ সদস্যপদ বাতিল করতে হবে।”

সমাবেশে একই দাবি জানান কাউন্সিলর মোরশেদ আক্তার চৌধুরীও।

মঙ্গলবারের সমাবেশে বক্তব্য রাখেন নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন, বর্তমান সভাপতি ইমরান আহমেদ ইমু, ইসহাক চৌধুরী, নুরুল কবির, সুমন সেন, স্বরূপ মহাজন, সাইফুল্লাহ আনসারী, জাহেদ আহমেদ চৌধুরী প্রমুখ।

এরআগে ১৭ নভেম্বর সংগঠনের এক সভায় রাষ্ট্রীয় ও বন্দরের কোনো অনুষ্ঠানে সাংসদ এম এ লতিফকে আমন্ত্রণের আগে ‘বিবেচনা করে দেখতে’ আহ্বান জানানো হয়।

পুরনো খবর:

সাংসদ লতিফকে রাষ্ট্রীয় অনুষ্ঠানে অতিথি না করার আহ্বান
এমপি লতিফের বিলবোর্ডে বঙ্গবন্ধুর ছবি ‘বিকৃতি’
জামায়াতের অনুষ্ঠানে 'যুদ্ধাপরাধীর' সঙ্গে আওয়ামী সাংসদ লতিফ
লতিফের বিরুদ্ধে আরও মামলা: পুলিশকে ব্যবস্থা নিতে নির্দেশ
বঙ্গবন্ধুর ছবিতে দেহটা লতিফের, দায় নিলেন ডিজাইনার