২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্যাকেজ ভ্যাট: চট্টগ্রামে দোকানিদের প্রতীকী ধর্মঘট

বর্ধিত প্যাকেজ ভ্যাট প্রত্যাহারের দাবিতে দোকান ও বিপণি বিতান বন্ধ রেখে দুই ঘণ্টার প্রতীকী ধর্মঘট করেছে চট্টগ্রামের দোকানিরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2016, 03:29 PM

Updated : 12 Apr 2022, 03:21 AM

মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত ধর্মঘট চলাকালে নিউমার্কেট মোড় থেকে তিনপুলের মাথা পর্যন্ত দীর্ঘ মানববন্ধনে অংশ নেন দোকান মালিকরা।

মানববন্ধনে চিটাগাং শপ ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আহমদ হোছাইন বলেন, হুট করে প্যাকেজ ভ্যাট ১৪ হাজারের জায়গায় ২৮ হাজার টাকা করায় ব্যবসায়ীরা উদ্বিগ্ন।

ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার দোকান মালিকরা বিক্রির উপর বছরে নির্দিষ্ট অংকের মূল্য সংযোজন কর জাতীয় রাজস্ব বোর্ডকে দিয়ে আসছিলেন, যা প‌্যাকেজ ভ‌্যাট নামে পরিচিত। তবে ২০১২ সালের মূসক ও সম্পূরক শুল্ক আইনের তা পরিবর্তন করে ১৫ শতাংশ হারে ভ‌্যাট আরোপের বিধান করা হয়।

চলতি বছরের জুলাই থেকে নতুন হিসাবে ভ‌্যাট আদায়ের কথা থাকলেও ব‌্যবসায়ীদের দাবির মুখে অর্থমন্ত্রী তা একবছর পিছিয়ে দেন। তবে প‌্যাকেজ ভ‌্যাট ১৪ হাজার টাকা থেকে বাড়িয়ে দ্বিগুণ করা হয়।

মানববন্ধনে চিটাগাং শপ ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল কাশেম বলেন, প্যাকেজ ভ্যাটের কারণে ক্ষুদ্র পুঁজির ব্যবসায়ীরা টিকতে পারছে না। এর ফলে অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়বে।

“আমদানি পণ্যসহ সকল নিত্য প্রয়োজনীয় পণ্য আমরা ভোক্তাদের কাছে পৌছে দিয়ে অর্থনীতিকে সচল রাখছি।

“দোকান ভাড়া, ইউটিলিটি খরচ, কর্মচারীদের বেতনসহ আনুষঙ্গিক ব্যয়ে কোণঠাসা ব্যবসায়ীদের দ্বিগুণ প্যাকেজ ভ্যাট কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না”, বলেন তিনি।

তামাকুমন্ডি ব্যবসায়ী সমিতি, টেরিবাজার ব্যবসায়ী সমিতি, সানমার ওশেন সিটি ব্যবসায়ী সমিতি ও সেন্ট্রাল প্লাজা ব্যবসায়ী সমিতির সদস্যরাও মানববন্ধন ও প্রতীকি ধর্মঘটে অংশ নেন। 

প্যাকেজ ভ্যাট কমানোর দাবি মানা না হলে বৃহত্তর কর্মসূচিরও ঘোষণা দেন ব্যবসায়ী নেতারা।

ব‌্যবসায়ীরা প‌্যাকেজ ভ‌্যাট বহালের দাবিতে ২ নভেম্বর সারা দেশে ধর্মঘটের পর ২০ নভেম্বরের মধ্যে দাবি পূরণে সরকারকে সময় দিলেও অর্থমন্ত্রী এর মধ্যেই এই দাবি নাকচ করে দিয়েছেন।

পুরনো খবর:

ভ্যাট: দোকান মালিকদের দাবিতে মুহিতের ‘না’