২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সড়কের পাশে বস্তাবন্দি লাশ

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে সড়কের পাশে বস্তার মধ্যে এক ব্যক্তির লাশ পাওয়া গেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2016, 11:34 AM

Updated : 12 Apr 2022, 03:21 AM

জালাল উদ্দিন সুলতান (৫০) নামে ওই ব‌্যক্তিকে শ্বাসরোধে হত‌্যার পর লাশ বস্তায় ভরে রাখা হয় বলে পুলিশের ধারণা।

আগ্রাবাদ সিডিএ ৯ নম্বর সংলগ্ন বেচা শাহ রোডের সুলতান কন্ট্রাক্টরের ছেলে জালালকে অর্থ লেনদেনের বিরোধে হত‌্যা করা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।

রোববার সকাল সাড়ে ৮টার দিকে ডবলমুরিং থানার আগ্রবাদ সিডিএ ২৯ নম্বরের বেপারী পাড়া মোড় থেকে লাশটি উদ্ধার করা হয় বলে ডবলমুরিং থানার এসআই নুর ইসলাম জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ওই ব্যক্তির শরীরের অর্ধেক বস্তার ভেতরে এবং উপরের অংশ বাইরে গামছা ও ওপরে শাক চাপা দেওয়া অবস্থায় রাস্তার পাশে পড়ে ছিল। শরীর রশি দিয়ে পেঁচানো ছিল, নাক ছিল ভাঙা।”

শ্বাসরোধে জালালকে হত্যা করা হয়েছে বলে ধারণা এসআই নুরের।

নিহতের ছেলে ইমাজ উদ্দিন সুলতান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পারিবারিক সম্পত্তি দেখা শোনা করতেন জালাল। বিভিন্ন ব্যক্তির কাছ থেকে তার অনেক টাকা পাওনা ছিল।

“এদের মধ্যে কেউ টাকা পরিশোধ না করতে আমার বাবাকে খুন করতে পারে,” সন্দেহের কথা জানান ইমাজ।

ছেলে জানান, প্রতিদিনের মতো শনিবারও জালাল সকাল সোয়া ৮টার দিকে বাসা থেকে নিজের অফিসে যায়। তবে সকাল পৌনে ১০টার দিকে অফিস থেকে বের হওয়ার পর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন ছিলেন।

ইমাজ বলেন, “বাবা প্রতিদিন সকাল সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে বাসায় ফিরলেও শনিবার বাসায় ফিরতে দেরি করায় আমরা ফোন করি। কিন্তু তিনি রিসিভ করেননি।”

পরিচিত বিভিন্নজনকে দিয়ে ফোন করানোর পর দুপুর ১টা ৫৭ মিনিটে জালালের মোবাইল থেকে বাংলায় লেখা ‘আমি একটু কাজে আছি’ বলে এসএমএস আসে বলে জানান ইমাজ।

জালাল কখনও এসএমএস করতেন না জানিয়ে ইমাজ বলেন, “এসএমএস আসার পর আমাদের মনে সন্দেহ সৃষ্টি হলে আমরা বিষয়টি পুলিশকে জানাই। তখন পশ্চিম মাদারবাড়ি জুগি চাঁদ মসজিদ লেইনে মোবাইল ফোনের অবস্থান শনাক্ত করা হয়।”

তিনি আরও জানান, “পরিচিত জনদের পাশাপাশি অনেক স্বজনের কাছ থেকে টাকা পেতেন জালাল। পাশাপাশি আগ্রাবাদ এলাকায় তাদের একটি ভবনের প্লট বিক্রি করার পর সব টাকা আদায় করতে পারেননি।”

এরপর রোববার সকালে সিডিএ ২৯ নম্বর বেপারি পাড়া মোড়ে রাস্তার পাশে একটি লাশ পড়ে থাকার খবর পান ইমাজ। তখন গিয়ে বাবার লাশ শনাক্ত করেন তিনি।

ইমাজ জানান, লাশ উদ্ধার করা হলেও তার বাবার ব্যবহৃত মোবাইল ফোন, মানিব্যাগ, অফিসের এবং বাসার আলমারির চাবি পাওয়া যায়নি। 

লাশের পাশ থেকে পুলিশ একটি রিকশা ভ্যান পেয়েছে।

ইমাজ জানান, পাওনা টাকা আদায়ের জন্য তার বাবাকে অনেকের সঙ্গে কথা বলতে দেখেছেন তিনি।

“বেশ কিছুদিন ধরে রাতে অজ্ঞাত নম্বর থেকে বাসার ল্যান্ড ফোনে কল দিয়ে ডিস্টার্ব করা হতো। কিন্তু বাসার অন‌্য কেউ ফোন ধরলে অপরপ্রান্ত থেকে কোনো সাড়া মিলত না।”

জালাল ‘নিখোঁজ’ হওয়ার পর শনিবার রাতে বাসার ল্যান্ডফোনে কোনো কল আসেনি বলে জানান ইমাজ।

ডবলমুরিং থানার ওসি এ কে এম মহিউদ্দিন সেলিম বলেন, “বিষয়টি আমরা খতিয়ে দেখছি। প্রাথমিকভাবে পরিবারের পক্ষ থেকে জালালের সঙ্গে কারও শত্রুতা ছিল না বলে জানিয়েছে।

“আমাদের ধারণা, পরিচিত কেউ এ হত্যাকাণ্ডে জড়িত। হত্যাকারীদের ধরতে সম্ভাব্য স্থানে পুলিশ অভিযান শুরু করেছে।”

হত্যাকাণ্ডের ঘটনায় ইমাজ বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে পুলিশ জানিয়েছে।