চট্টগ্রামবাসীর সঙ্গে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স শনিবার
চট্টগ্রামে তৃণমূল পর্যায়ের নাগরিকদের সঙ্গে শনিবার ভিডিও কনফারেন্সে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
চট্টগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময়ে অংশ নিতে নাগরিকরা শনিবার বেলা ১১টা থেকে নগরীর লালদীঘির মাঠে থাকবেন।
এছাড়াও উপজেলা, ইউনিয়ন পরিষদ, স্কুল, কলেজ, ইউনিয়ন ডিজিটাল সেন্টারসহ এক হাজার ৪৮৪টি স্থান থেকে মাল্টি মিডিয়া প্রজেক্টরের মাধ্যমেও নাগরিকদের সম্পৃক্ত করার হবে।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত প্রশাসক (সার্বিক) ড. অনুপম সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ত্রাস-জঙ্গিবাদ প্রতিরোধ এবং উন্নয়ন ভাবনাসহ বিভিন্ন বিষয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হবে।
লালদীঘি মাঠের ২৫ থেকে ৩০ হাজারের মতো মানুষ অংশ নেবেন বলে আশা করছে জেলা প্রশাসন
তাদের মধ্যে স্থানীয় মন্ত্রী, সংসদ সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী নেতা, স্থানীয় সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী কমিটি, নারী ও এনজিওকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেবেন।
নগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন পাশাপাশি সাধারণ মানুষের মতামত শুনবেন।
“চট্টগ্রামের সব শ্রেণি-পেশার মানুষকে ভিডিও কনফারেন্সে উপস্থিত থাকতে নগর আওয়ামী লীগের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।”
