২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে স্কুলছাত্রীকে উত্ত্যক্তের দায়ে যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের বোয়ালখালি উপজেলায় এক স্কুল শিক্ষার্থীকে ইভটিজিং করায় এক যুবককে এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2016, 09:43 PM

Updated : 20 Aug 2022, 02:14 PM

দণ্ডপ্রাপ্ত রাজীব চৌধুরী (২৬) উপজেলার আমুচিয়া ইউনিয়নের ধুরলা গ্রামের বাবলি চৌধুরী তপনের ছেলে।

মঙ্গলবার আমুচিয়া ইউনিয়নের ধুরলা গ্রামে ওই উত্ত্যক্তের ঘটনার পর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এ দণ্ড দেওয়া বলে জানিয়েছেন বোয়ালখালির ইউএনও কাজী মাহবুবুল আলম।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কানুনগোপাড়া মুক্তকেশি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ওই শিক্ষার্থীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল রাজীব। এর আগেও একবার এলাকার চেয়ারম্যান তাকে সতর্ক করে দিয়ে মুছলেকা নিয়েছিল।

মঙ্গলবার আবারও ইভটিজিংয়ের অভিযোগ পেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রাজীবকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় বলে জানান মাহবুবুল আলম।