চট্টগ্রাম শুল্ক ফাঁকি দিয়ে আনা গাড়ি আটক
শুল্ক ফাঁকি দিয়ে আনা ‘মিনি কুপার’ ব্র্যান্ডের বিলাসবহুল একটি গাড়ি চট্টগ্রাম থেকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
মঙ্গলবার চট্টগ্রাম নগরীর চট্টেশ্বরী এলাকার এক ব্যবসায়ীর বাসা থেকে লাল রংয়ের গাড়িটি উদ্ধার করা হয় বলে জানান অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের উপ-পরিচালক শামীমুর রহমান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কোনো রকম রেজিস্ট্রেশন নম্বর ছাড়াই অনেকদিন ধরে গাড়িটি নগরীতে চলাচল করছে। পরে গাড়ির মালিকের কাছে আমদানি ও রেজিস্ট্রেশন সংক্রান্ত কাগজ-পত্র চাইলে তিনি তা দেখাতে পারেন নি।
“ধারণা করা হচ্ছে গাড়িটি কারনেট সুবিধায় আমদানি করা। শুল্কমুক্ত হিসেবে কারনেট সুবিধায় ছাড় করা হলেও নির্দিষ্ট সময়ের পরে বিদেশে ফেরত নেয়ার কথা থাকলেও তা মানা হয়নি।”
আটকের পর গাড়িটিকে চট্টগ্রাম কাস্টমস হাউজে জমা করা হয়েছে। এ ঘটনায় কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান শুল্ক গোয়েন্দা কর্মকর্তা।
