চট্টগ্রামের সাবেক আওয়ামী লীগ নেতা ইউসুফ মারা গেছেন
আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক, মুক্তিযুদ্ধের সংগঠক এস এম ইউসুফ আর নেই।
সোমবার মধ্যরাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে পটিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রাশেদ মনোয়ার জানিয়েছেন।
তার বয়স হয়েছিল ৭৫ বছর।
ইউনাইটেড হাসপাতালের হিমঘরে এস এম ইউসুফের লাশ রাখা আছে।
“তার ছেলে অস্ট্রেলিয়ায় এবং মেয়ে আমেরিকায় থাকেন। তারা দেশে ফিরলেই জানাজা ও দাফনের বিষয়ে সিদ্ধান্ত হবে,” বলেন রাশেদ মনোয়ার।
চট্টগ্রামের পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের বাসিন্দা এস এম ইউসুফ চট্টগ্রাম জেলা ছাত্রলীগ (অবিভক্ত) এর সাধারণ সম্পাদক ছিলেন। কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।
মুক্তিযুদ্ধের সময় এস এম ইউসুফ ‘মুজিব বাহিনীর’ চট্টগ্রাম আঞ্চলিক কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।
পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যার পর যাদের নেতৃত্বে চট্টগ্রামে প্রতিশোধ পরিকল্পনা করা হয়েছিল তাদের অন্যতম তিনি।
দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান জানান, ১৯৯১ সালে পটিয়া আসনে দলীয় মনোনয়নে নির্বাচনে অংশ নিলেও জয়ী হতে পারেননি ইউসুফ।
২০০৮ সালে দলীয় মনোনয়ন চেয়েও পাননি এই মুক্তিযোদ্ধা। এরপর তিনি সক্রিয় রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নেন।
মফিজুর রহমান বলেন, “শেষ কয়েক বছর রাজনীতিতে সক্রিয় না থাকলেও তিনি ছিলেন আমাদের আদর্শিক নেতা।
“আজ সন্ধ্যায় আমরা বসে পরবর্তী করণীয় নিয়ে আলোচনা করব। তার সন্তানরা দেশে ফিরলেই জানাজা ও দাফন হবে।”
