২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আ. লীগকর্মী ছাড়া কেউ এখন নিরাপদ নয়: শাহাদাত

ব্রাহ্মণবাড়িয়ায় হিন্দু এবং গাইবান্ধায় সাঁওতাল নির্যাতনের প্রেক্ষাপটে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন বলেছেন, আওয়ামী লীগের কর্মী ছাড়া এদেশে কেউ এখন নিরাপদ নয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম ব‌্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2016, 07:38 PM

Updated : 20 Aug 2022, 02:13 PM

রাজধানীর সোহরাওয়ার্দী উদ‌্যানে সমাবেশের অনুমতি না দেওয়ার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সোমবার বন্দর নগরীর কাজীর দেউড়িতে দলীয় কার্যালয় চত্বরে এক সমাবেশে এ কথা বলেন তিনি।

শাহাদাত বলেন, “সরকার দলীয় এমপির নেতৃত্বে নাসিরনগরে হিন্দুদের বাড়িঘরে হামলা হচ্ছে, হামলা হয়েছে গাইবান্ধার সাঁওতাল পল্লীতে।

“এ সরকারের আমলে হিন্দু-বৌদ্ধ-মুসলিম-খ্রিস্টান কেউ নিরাপদ নয়। বর্তমান সরকারের আমলে আওয়ামী লীগের কর্মী ছাড়া আর কেউ নিরাপদ নয়। নিরাপদ তারা, যারা অস্ত্র উঁচিয়ে টেন্ডারবাজি করে, মানুষ খুন করে।”

বিএনপির জনসমর্থনের ‘ঢেউকে ভয় পেয়ে’ ৭ নভেম্বরে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি বলে মন্তব‌্য করেন তিনি।

“আওয়ামী লীগ ভাবছে বিএনপির সমাবেশ থেকে গণজোয়ার তৈরি হতে পারে। গণজোয়ারের ভয়ে সমাবেশের অনুমতি দিতে সরকার ভয় পায়।”

আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আগামীতে গণআন্দোলনের জন‌্য প্রস্তুত থাকতে দলের নেতা-কর্মীদের বলেন শাহাদাত।

সমাবেশের আগে একটি বিক্ষোভ মিছিল হয়। মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপি নেতা এম এ আজিজ, মোহাম্মদ আলী, শেখ নুরুল্লাহ বাহার ও শফিকুর রহমান স্বপন।