২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ওবায়দুল কাদেরকে সংবর্ধনার প্রস্তুতি

আওয়ামী লীগের নতুন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ উপদেষ্টা পরিষদ ও কেন্দ্রীয় কমিটিতে ঠাঁই পাওয়া চট্টগ্রাম বিভাগের ১০ নেতাকে শনিবার লালদীঘি মাঠে সংবর্ধনার আয়োজন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম ব‌্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2016, 12:06 AM

Updated : 11 Oct 2022, 09:02 PM

পুরনো খবর:

বিজয় মিছিল নির্বাচনে জিতলে, সংবর্ধনায় নওফেল
৯ নেতাকে চট্টগ্রাম আ. লীগের সংবর্ধনা ১২ নভেম্বর

চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও নগর আওয়ামী লীগযৌথভাবে শনিবার বিকালে এ সংবর্ধনারআয়োজন করেছে।

এ উপলক্ষে শুক্রবার রাতেই চট্টগ্রাম পৌঁছেছেন ওবায়দুল কাদের। দলের সাধারণ সম্পাদক হওয়ার পর এটাই তার প্রথম চট্টগ্রাম সফর।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন প্রকল্প পরিদর্শনে নিয়মিত বিরতিতে চট্টগ্রামে আসেন ওবায়দুল কাদের।

নগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যাদের সংবর্ধনা দেওয়া হবে তারা সবাই চট্টগ্রামে এসে পৌঁছেছেন। দলের সাধারণ সম্পাদক এখন চট্টগ্রাম সার্কিট হাউজে আছেন।

সংবর্ধনা অনুষ্ঠান সফল করতে শুক্রবার বিকালে নগরীর এস এস খালেদ সড়কের একটি কনভেনশন সেন্টারে বর্ধিত সভায় বসেন নগর আওয়ামী লীগের নেতারা।

সভার সিদ্ধান্ত বিষয়ে শফিকুল ইসলাম ফারুক বলেন, সভায় সংবর্ধনা উপলক্ষে লালদীঘি ময়দানকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তত্ত্বাবধানে সিসি ক্যামেরার আওতায় আনার সিদ্ধান্ত হয়েছে।

“পাশাপাশি সংবর্ধনায় যোগ দিতে আসা নেতাকর্মীরা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া অন্যও কারও ছবি ব্যানারে ব্যবহার করতে পারবেন না। এমনকি কোনো ব্যক্তির নামে শ্লোগানও দেওয়া যাবে না।”

বর্ধিত সভায় সভাপতিত্ব করেন নগর আওয়ামী লীগ সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী। বক্তব্য রাখেন নগর কমিটির সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন।

উপদেষ্টা পরিষদের তিন সদস্য প্রবীণ আওয়ামী লীগ নেতা ইসহাক মিয়া, সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন ও ড. প্রণব কুমার বড়ুয়াকে সংবর্ধনা দেওয়া হবে।

সভাপতিমণ্ডলীতে দ্বিতীয় বারের মতো স্থান পাওয়া গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনও সংবর্ধিত হবেন।

কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের পদ পেয়েছেন নগর আওয়ামী লীগ সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর বড় ছেলে নগর কমিটির সদস্য মহিবুল হাসান চৌধুরী নওফেল। তাকেও সংবর্ধনা দেওয়া হবে।

প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিনকেও সংবর্ধনা দেওয়া হবে।

কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার ও তরুণ আইনজীবী উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়াকেও সংবর্ধনা দেওয়া হবে।