২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৯ নেতাকে চট্টগ্রাম আ. লীগের সংবর্ধনা ১২ নভেম্বর

দলের নতুন কমিটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ উপদেষ্টা ও কেন্দ্রীয় কমিটির নয় সদস্যকে ১২ নভেম্বর লালদীঘির ময়দানে সংবর্ধনা দেবে চট্টগ্রাম আওয়ামী লীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম ব‌্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2016, 11:13 PM

Updated : 20 Aug 2022, 02:05 PM

রোববার বিকালে চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে চট্টগ্রাম নগর, উত্তর ও দক্ষিণ জেলা কমিটির এক যৌথ বর্ধিত সভায় এ সিদ্ধান্ত হয়।

বর্ধিত সভার সঞ্চালক দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “১২ নভেম্বর বিকেল ৩টায় লালদীঘি ময়দানে সংবর্ধনা অনুষ্ঠান শুরু হবে। আমরা একটি পরিচ্ছন্ন সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করব।”

নতুন কমিটিতে চট্টগ্রাম বিভাগ থেকে যারা স্থান পেয়েছেন, তাদেরই সংবর্ধনা দেওয়া হচ্ছে।

উপদেষ্টা পরিষদের তিন সদস্য বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা ইসহাক মিয়া, সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন এবং ড. প্রণব কুমার বড়ুয়াকে সংবর্ধনা দেওয়া হবে।

সভাপতিমণ্ডলীতে দ্বিতীয় বারের মত স্থান পাওয়া গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনও সংবর্ধিত হবেন।

প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিনকেও সংবর্ধনা দেওয়া হবে।

কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার ও তরুণ আইনজীবী বিপ্লব বড়ুয়াও পাবেন সংবর্ধনা।

কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের পদ পেয়েছেন নগর আওয়ামী লীগ সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর বড় ছেলে নগর কমিটির সদস্য মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনিও সংবর্ধিত হবেন।

রোববারের বর্ধিত সভায় সভাপতির বক্তব্যে মহিউদ্দিন চৌধুরী বলেন, চট্টগ্রামের মাটি আওয়ামী লীগের বর্ণাঢ্য ইতিহাস ঐতিহ্যের সাক্ষী।

“নব-নির্বাচিত কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ বৃহত্তর চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম থেকে কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্ত নেতাদের বরণ করে নেওয়ার মাধ্যমে দলীয় সংহতিকে আরও শক্তিশালী করার তাগিদ অনুভব করছি।”

সভায় বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ, নগর কমিটির সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, উত্তর জেলার সাধারণ সম্পাদক এম এ সালাম, নগর কমিটির সহ-সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু প্রমুখ।