ট্রাকের তেলের ট্যাংকে ৫ হাজার ইয়াবা
ট্রাকের তেলের ট্যাংকে করে পাচারের সময় পাঁচ হাজার ইয়াবা উদ্ধার করেছে চট্টগ্রামের পুলিশ।
শুক্রবার ভোর রাতে চান্দগাঁওয়ের এক কিলোমিটার এলাকার রিদম স্কয়ার কমিউনিটি সেন্টারের সামনে থেকে ট্রাকটি আটক করা হয় বলে চান্দগাঁও থানার এসআই সঞ্জয় গুহ জানান।
গ্রেপ্তাররা হলেন- ট্রাক চালক মো. শাহজাহান (২১) ও তার সহকারী মো. রমজান আলী (২০)।
এসআই সঞ্জয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ট্রাকটি আটক করেন তারা। জিজ্ঞাসাবাদে চালক ও তার সহকারী ইয়াবা বহনের কথা স্বীকার করেন। তাদের দেওয়া তথ্যে ট্রাকের তেলের ট্যাংকের ভেতরে বিশেষ কৌশলে রাখা পাঁচটি প্যাকেট পাওয়া যায়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে চান্দগাঁও থানায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে বলে এসআই সঞ্জয় জানান।
