২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সোনা চোরাচালানের মামলায় সিঅ্যান্ডএফ মালিক কারাগারে

চট্টগ্রামে স্বর্ণ চোরাচালানের মামলায় সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান আমিন ব্রাদার্সের মালিক মো. ফজলুল হককে কারাগারে পাঠিয়েছে আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2016, 08:19 PM

Updated : 20 Aug 2022, 02:10 PM

চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. শাহে নূর মঙ্গলবার এ আদেশ দেন।

চট্টগ্রাম মহানগর আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি মো. ফখরুদ্দিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্বর্ণ চোরাচালন মামলার অভিযোগপত্রভুক্ত আসামি ফজলুল হক মামলার পর থেকেই পলাতক ছিলেন।

“আজ তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে তা নাকচ করেন বিচারক। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।”

গত বছরের ৮ এপ্রিল চট্টগ্রামের সদরঘাট থানার আনু মাঝির ঘাট এলাকায় ‘এসি মেলা’ নামে একটি ইলেকট্রনিক্স পণ্যের গুদামে অভিযান চালিয়ে অলঙ্কারসহ ২০ কেজি সোনা উদ্ধার করে পুলিশ।

ইলেকট্রনিক্স পণ্যের আড়ালে স্বর্ণ চোরাচালানের খবর পেয়ে পুলিশ ওই গুদামে অভিযান চালিয়ে জসীম উদ্দিনের ভাই এমরান ও গুদাম ব্যবস্থাপক গিয়াসউদ্দিন টিটুকে গ্রেপ্তার করে।

এ ঘটনার পর সদরঘাট থানার এসআই আনোয়ার হোসেন বাদী হয়ে মামলা করেন।

এ মামলায় গত ১৫ মার্চ অভিযোগপত্র দেয় নগর গোয়েন্দা পুলিশ।

এতে এসি মেলার দুই মালিক মো. জসীম উদ্দিন, ভবতোষ বিশ্বাস রানা, ঘটনাস্থল থেকে গ্রেপ্তার গিয়াস উদ্দিন টিটু, জসীম উদ্দিনের ভাই এমরান, সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান আমিন ব্রাদার্সের মালিক ফজলুল হক, ফরিদ, রুবেল মো. সোয়েব ও আবু তাহেরকে আসামি করা হয়।

পুরনো খবর:

চট্টগ্রামে ইলেকট্রনিক্স পণ্যের গুদামে ২০ কেজি সোনা
চট্টগ্রামে সোনা উদ্ধার: ৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র