২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সোনা উদ্ধার: ৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

চট্টগ্রামে ইলেক্ট্রনিক্স পণ্যের গুদাম থেকে সোনা উদ্ধারের ঘটনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও সিঅ্যান্ডএফ এজেন্টের মালিকসহ নয় জনকে আসামি করে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2016, 01:15 PM

Updated : 20 Aug 2022, 12:09 PM

মঙ্গলবার নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক কেশব চক্রবর্ত্তী চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র জমা দেন বলে নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকি ইবনু মিনান জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “বুধবার মামলার ধার্য্য তারিখে অভিযোগপত্রটির বিষয়ে শুনানি হবে।”

সংশ্লিষ্ট এসি মেলার দুই মালিক মো. জসীম উদ্দিন, ভবতোষ বিশ্বাস রানা, ঘটনাস্থল থেকে গ্রেপ্তার গিয়াস উদ্দিন টিটু, জসীম উদ্দিনের ভাই এমরান, সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান আমিন ব্রাদার্সের মালিকদের একজন ফজলুল হক, ফরিদ, রুবেল মো. সোয়েব ও আবু তাহেরকে অভিযোগপত্রে আসামি করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা কেশব চক্রবর্ত্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিশেষ ক্ষমতা আইনের ২৫ (খ), ২৫ (গ) ও শুল্ক আইনের ১৫৪ (১) ও ১৫৪ (১৪) ধারায় অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে।

“সাত জনকে আসামি করে পুলিশ মামলা করলেও তদন্তে সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান আমিন ব্রাদার্সের মালিক ফজলুল হক ও আবু তাহের নামে এক ব্যক্তির সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় তাদেরও আসামি করা হয়।”

গত বছরের ৮ এপ্রিল চট্টগ্রামের সদরঘাট থানার আনু মাঝির ঘাট এলাকায় ‘এসি মেলা’ নামে একটি ইলেক্ট্রনিক্স পণ্যের গুদামে অভিযান চালিয়ে অলঙ্কারসহ ২০ কেজি সোনা উদ্ধার করে পুলিশ।

ইলেক্ট্রনিক্স পণ্যের আড়ালে স্বর্ণ চোরাচালানের খবর পেয়ে পুলিশ ওই গুদামে অভিযান চারিয়ে জসীম উদ্দিনের ভাই এমরান ও গুদাম ব্যবস্থাপক গিয়াসউদ্দিন টিটুকে গ্রেপ্তার করে।

এ ঘটনার পর সদরঘাট থানার এসআই আনোয়ার হোসেন বাদী হয়ে মামলা করেন।

টিটু আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন বলে তদন্ত কর্মকর্তা কেশব জানিয়েছেন।

তিনি বলেন, তদন্তে দেখা যায় আমিন ব্রাদার্সের মালিক ফজলুল হক ওই মালামালগুলো ছাড় করান। আর আবু তাহের ও ফরিদের নাম ব্যবহার করে মালামালগুলো বিদেশ থেকে আনা হয়।

অভিযোগপত্রে প্রত্যক্ষদর্শীসহ মোট ১৯ জনকে সাক্ষি করা হয়েছে।

পুরনো খবর:

চট্টগ্রামে ইলেকট্রনিক্স পণ্যের গুদামে ২০ কেজি সোনা