২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইইবির এবারের কনভেনশন চট্টগ্রামে

আগামী বছরের জানুয়ারিতে ৫৭তম কনভেনশনের আয়োজন করতে যাচ্ছে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট অব বাংলাদেশ (আইইবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম ব‌্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2016, 07:53 PM

Updated : 20 Aug 2022, 02:09 PM

এবারের কনভেনশন চট্টগ্রামে হচ্ছে বলে রোববার আইইবি’র এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।

নগরীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট, চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী সাদেক মোহাম্মদ চৌধুরী।

তিনি বলেন, “আগামী বছরের শুরুতে জানুয়ারির তৃতীয় সপ্তাহে সাত দিনব্যাপী এ কনভেনশনের আয়োজন করতে যাচ্ছি আমরা, যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।”

তবে প্রধানমন্ত্রীর সময় এখনও না পাওয়ায় কনভেনশনের তারিখ ও স্থান নির্ধারণ করতে পারেনি আইইবি।

কনভেনশনের সমাপনী দিনে সংসদে বিরোধীদলীয় নেত্রী প্রধান অতিথি থাকবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

সাদেক চৌধুরী বলেন, এবারের কনভেনশনের মূল্য প্রতিপাদ্য থাকবে ‘ডিজিটাল টেকনোলজি ফর ডেভেলপম্যান্ট’ ও জাতীয় সেমিনারের প্রতিপাদ্য থাকবে ‘ইউটিলাইজেশন ফর ডিজিটাল টেকনোলজি ফর প্রো-পিপল ডেভেলপম্যান্ট’।

এ কনভেনশনে দেশ-বিদেশের প্রায় ছয় হাজার প্রকৌশলী অংশ নেবেন বলে জানান তিনি।

দেশের উন্নয়নে ভূমিকা, বেকার তরুণদের কারিগরি প্রশিক্ষণ, দুস্থদের সহযোগিতাসহ আইইবি’র সার্বিক কার্যক্রমের খবর জনগণের কাছে পৌঁছাতে গণমাধ্যমের সহযোগিতা প্রত্যাশা করেন সাদেক চৌধুরী।

আইইবির গত এক বছরের কার্যক্রম সবিস্তারে বর্ণনা করেন আইইবি’র চট্টগ্রাম কেন্দ্রের সম্পাদক প্রকৌশলী প্রবীর কুমার সেন।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইইবি’র ভাইস-চেয়ারম্যান প্রকৌশলী এম এ রশীদ, ভাইস-চেয়ার‌ম্যান প্রকৌশলী উদয় শেখর দত্ত, আইইবি’র চট্টগ্রাম কেন্দ্রের প্রাক্তন চেয়ারম্যান প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদার ও প্রকৌশলী মোহাম্মদ হারুন।

এছাড়াও উপস্থিত ছিলেন আইইবি’র প্রাক্তন ভাইস-চেয়ারম্যান প্রকৌশলী এ এস এম নাসিরুদ্দিন চৌধুরী, প্রকৌশলী এস এম শহিদুল আলম ও প্রকৌশলী মো. রেজাউল করিম।