২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সমাবেশের অনুমতি পায়নি চট্টগ্রাম বিএনপি

‘বিপ্লব ও সংহতি’ দিবসের সমাবেশ করতে চট্টগ্রামে পুলিশের অনুমতি পায়নি বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম ব‌্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2016, 06:44 PM

Updated : 20 Aug 2022, 02:09 PM

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মোখলেসুর রহমান রোববার বলেছেন, “৭ নভেম্বর সমাবেশ করার অনুমতি চেয়ে বিএনপির পক্ষ থেকে আবেদন করা হয়েছিল। তাদের অনুমতি দেওয়া হয়নি।”

কী কারণে অনুমতি দেওয়া হয়নি, তা স্পষ্ট করেননি তিনি। 

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন পুলিশ কর্মকর্তা জানান, গতবছর ৫ জানুয়ারি সারাদেশে বিএনপিকে সমাবেশ করতে অনুমতি না দেওয়ার পর চট্টগ্রামেও অনুমতি দেওয়া হয়েছিল। বিএনপি নেতারা শান্তিপূর্ণ সমাবেশের আশ্বাস দিলেও পরে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

৭ নভেম্বর ঢাকায়ও সমাবেশ করতে অনুমতি পায়নি বিএনপি। পুলিশ বলছে, তারা আবেদনই পায়নি। অন‌্যদিকে বিএনপি নেতারা বলছেন, পুলিশ আবেদন পেয়েও মিথ‌্যাচার করছে।

চট্টগ্রাম নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা লালদিঘী মাঠ, জেলা পরিষদ মার্কেট চত্বর ও কাজীর দেউড়ি মোড়ের যে কোনো একটি স্থানে সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করেছিলেন।

সড়ক বন্ধ করে বা উন্মুক্ত স্থানে সমাবেশ করার অনুমতি না দিলেও দলীয় কার্যালয়ের ভেতরে সমাবেশ করতে কোনো বাধা দেওয়া হবে না বলে বিএনপি নেতাদের জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

আবু বক্কর বলেন, তারা এখন সোমবার দলীয় কার্যালয়ের সামনের মাঠে সমাবেশ করার প্রস্তুতি নিচ্ছেন।

সকালে ষোলশহর বিজয় উদ্যানে ফুল দেওয়ার পর বিকালে নগরীর নাসিমন ভবনের কার্যালয়ের সামনে সমাবেশ করবে বিএনপি।