২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘চট্টগ্রাম নগরীর ১০৫০ বাসিন্দার বিপরীতে পুলিশ একজন’

চট্টগ্রাম মহানগরীতে ৭০ লাখ মানুষের নিরাপত্তায় ছয় হাজার ৭০০ পুলিশ রয়েছে বলে জানিয়েছেন নগর পুলিশ (সিএমপি) কমিশনার ইকবাল বাহার।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2016, 10:21 PM

Updated : 12 Apr 2022, 03:13 AM

শনিবার নগরীর বায়েজিদ এলাকায় কমিউনিটি পুলিশিং বিষয়ক এক সমাবেশে এ তথ্য জানিয়ে তিনি বলেন, “৩৮ বছর আগে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) যাত্রা শুরু হয়েছিল।

“তখন ১০ লাখ মানুষের জন্য পুলিশ ছিল তিন হাজার, অর্থাৎ ৩৩০ জনের বিপরীতে পুলিশ ছিল একজন। এটা পিছিয়ে বর্তমানে নগরীতে এক হাজার ৫০ জন নাগরিকের বিপরীতে পুলিশ রয়েছে একজন।”

এজন্য কমিউনিটি পুলিশিং শুরু করা হয়েছে জানিয়ে পুলিশ কমিশনার বলেন, ‍“এর সুফল জনগণের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করছি।”

সমাবেশে তিনি নগরীর অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তা করার জন্য জনগণকে আহ্বান জানান।

তিনি বলেন, “কমিউনিটি পুলিশের প্রথম বিষয়টি হল অংশীদারিত্ব। আরেকটি বিষয় হল পুলিশের সাথে জনগণের একটি সেতুবন্ধন রচনা করা।”

ইভটিজিং নিয়ে নারীদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে সিএমপি কমিশনার বলেন, “সাহসের সাথে ইভটিজিং প্রতিরোধে এগিয়ে আসতে হবে। তাহলে আস্তে আস্তে ইভটিজিং আর থাকবে না।”

কাউন্সিলর কফিল উদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সিকান্দার খান, উপ পুলিশ কমিশনার (উত্তর) আব্দুল ওয়ারিশ, বায়েজিদ বোস্তামী থানার ওসি মোহাম্মদ মহসিন বক্তব্য রাখেন।